Ajker Patrika

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা
একটি কবুতর হাতে মাইক টাইসন। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনী প্রচারণায় বিশাল এক কবুতরের সঙ্গে অভিনয় করতে রাজি না হওয়ায় অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগে মামলার মুখে পড়েছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন। টাইসন ও তাঁর প্রচারপ্রতিষ্ঠান টিরানিকের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে ১৫ লাখ পাউন্ডের (২৪ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ মামলাটি করেছে মেডিয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি অনলাইন জুয়া ব্র্যান্ড রাবোনার প্রচারক।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে টাইসন ও মেডিয়ারের মধ্যে চুক্তি হয়। এতে রাবোনার গেমিং সেবার প্রচারণায় অংশ নেওয়া এবং নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি আন্তর্জাতিক জুয়া সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল টাইসনের।

মেডিয়ারের অভিযোগ, চুক্তি অনুযায়ী লাইভস্ট্রিম অনুষ্ঠানে অংশ না নিয়ে টাইসন ও তাঁর প্রতিষ্ঠান চুক্তি ভঙ্গ করেছে। অন্যদিকে টাইসনপক্ষের দাবি, তাঁকে যে অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছিল, তা চুক্তির শর্তের বাইরে।

‘টাইসনকে হাসির পাত্র বানাতে চাইনি’

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে টাইসনের স্ত্রী ও টিরানিকের পরিচালক লাখিহা টাইসন বলেন, তাঁর স্বামী প্রচারণায় অংশ নিতে রাজি হয়েছিলেন, তবে তা হতে হবে তাঁর ব্যক্তিত্ব ও ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

‘টকিং পিজিয়নস’ নামের অনুষ্ঠানটিতে চার উপস্থাপকের সঙ্গে টাইসনের ভিডিও সংযোগে অংশ নেওয়ার কথা ছিল। তাঁদের একজন বিশাল কবুতরের পোশাক পরতেন। টাইসনকে শৈশবের গল্প বলতে, উপস্থাপকদের বক্সিং শেখাতে এবং রাবোনার ওয়েবসাইটে ক্যাসিনো গেম খেলতে বলা হয়েছিল। বক্সিং শেখানোর জন্য তাঁর সাবেক প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হলিফিল্ডের মুখাবয়বযুক্ত একটি ম্যানিকুইন ব্যবহারের পরিকল্পনাও ছিল।

লাখিহা বলেন, ‘আমরা ভাইরাল হতে চেয়েছিলাম, কিন্তু এমনভাবে, যাতে মাইক ও তাঁর ব্র্যান্ড গর্ববোধ করতে পারে। এমনভাবে নয়, যাতে তাঁকে হাসির পাত্র বলে মনে হয়।’

মেডিয়ারের আইনজীবী আলি রেজা সিনাইয়ের যুক্তি, অনুষ্ঠানটির লক্ষ্য ছিল দর্শক আকর্ষণ ও ভাইরাল কনটেন্ট তৈরি। জবাবে লাখিহা বলেন, অনুষ্ঠানের নাম নিয়ে তাঁদের আপত্তি ছিল না; আপত্তি ছিল কবুতরের পোশাক পরা ব্যক্তির সঙ্গে টাইসনের কথোপকথন ও অভিনয়ের ধরন নিয়ে।

জেক পলের লড়াই কি বিরোধের কারণ

মেডিয়ারের আইনজীবীদের দাবি, ইউটিউবার থেকে বক্সার হওয়া জেক পলের সঙ্গে টাইসনের লড়াইয়ের চুক্তি হওয়ার পর তিনি রাবোনার প্রচারণায় আগ্রহ হারান। নেটফ্লিক্সের সঙ্গে ওই লড়াইয়ের চুক্তি আমস্টারডামের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে থাকতে পারে বলেও দাবি তাদের।

তবে লাখিহা অভিযোগটি অস্বীকার করে বলেন, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা ছিল। সে সময় টাইসনের অন্য স্পনসরও ছিল।

চুক্তিতে টাইসনের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ২০ লাখ ডলার। সম্পর্ক ছিন্ন হওয়ার আগে তাঁকে প্রায় ১ লাখ ৯০ হাজার ডলার দেওয়া হয়েছিল।

টাইসনের আইনজীবী আমান্ডা হ্যাডকিসের দাবি, চুক্তিতে ক্যাসিনো গেম বা অনুমোদিত গেম খেলার কথা থাকলেও স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় ও কবুতরের সঙ্গে হাস্যরসাত্মক কথোপকথনের শর্ত ছিল না।

টাইসন ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। কবুতর পালনের প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসার কথাও সুপরিচিত। একটি পোষা কবুতর হত্যার ঘটনার পর এক ব্যক্তিকে মারধর করার মধ্য দিয়েই তাঁর লড়াইয়ের জগতে প্রবেশের সূত্রপাত হয়েছিল বলে তিনি অতীতে জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত