Ajker Patrika

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ডেমোক্র্যাটদের

আজকের পত্রিকা ডেস্ক­
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ডেমোক্র্যাটদের
পেন্টাগনপ্রধান পিট হেগসেথ। ছবি: এএফপি

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ এবং যুদ্ধাপরাধসহ বিভিন্ন গুরুতর অভিযোগে পেন্টাগনের প্রধান পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন হাউস ডেমোক্র্যাটরা। বুধবার (১৫ এপ্রিল) তাঁর বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ ও অসদাচরণ’-এর ছয়টি অভিযোগ উত্থাপন করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যারিজোনার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারির নেতৃত্বে এই অভিশংসন প্রস্তাব আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়াসমিন আনসারি লিখেছেন, ‘শপথ ভঙ্গ, মার্কিন সেনাদের জীবন বিপন্ন করা এবং ইরানের মিনাব শহরে বেসামরিক নাগরিক ও একটি বালিকা বিদ্যালয়ে হামলার মতো যুদ্ধাপরাধের দায়ে আমি পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছি।’

ইয়াসমিন আনসারি আরও বলেন, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। হেগসেথের কর্মকাণ্ড তাঁকে অবিলম্বে এই পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি রাখে।

অভিশংসন প্রস্তাবের অন্যতম প্রধান অভিযোগ হলো, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেদিন যৌথভাবে ইরানে বোমা হামলা শুরু করে, সেদিনই এই হামলায় শিক্ষার্থী-শিক্ষকসহ অন্তত ১৭০ জন নিহত হন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, লক্ষ্যস্থিরের ভুলের কারণে একটি ‘টমাহক ক্রুজ মিসাইল’ স্কুলটিতে আঘাত হেনেছিল।

অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, হেগসেথ যুদ্ধের আইন লঙ্ঘন করে এই বলপ্রয়োগের অনুমতি দিয়েছেন বা তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন।

অন্যান্য গুরুতর অভিযোগ

অবৈধ যুদ্ধ ঘোষণা: কংগ্রেসের কোনো সংবিধিবদ্ধ অনুমোদন বা যুদ্ধ ঘোষণা ছাড়াই ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু করে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

‘ডাবল ট্যাপ’ স্ট্রাইক: ক্যারিবিয়ান অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে থাকা নৌকাগুলোতে ‘ডাবল ট্যাপ’ (একই স্থানে পরপর দুবার হামলা) চালানোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তাঁদের মতে, এই পদ্ধতি বেআইনি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নিয়মকে লঙ্ঘন করে।

তথ্য ও গোপনীয়তা লঙ্ঘন: স্পর্শকাতর সামরিক তথ্যের প্রতি অবহেলা এবং ইয়েমেনে হামলার বিষয়ে আলোচনার জন্য বাণিজ্যিক মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’ ব্যবহার করে কংগ্রেসের তদারকি বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং আগামী নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কিন নিয়ম অনুযায়ী, প্রতিনিধি পরিষদে চার্জ গঠন করা হলেও কেবল সিনেটে বিচারের মাধ্যমে কাউকে পদ থেকে অপসারণ করা সম্ভব।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন এই পদক্ষেপকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে তিনি বলেন, ‘এটি খবরের শিরোনাম হওয়ার জন্য ডেমোক্র্যাটদের আরেকটি অপচেষ্টামাত্র। আমাদের প্রতিরক্ষা বিভাগ ইরানে প্রেসিডেন্টের লক্ষ্য অর্জনে সফল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত