
এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে কিউবা। এতে সন্ধ্যার ঠিক আগমুহূর্তে পুরো দ্বীপরাষ্ট্রটি অন্ধকারে তলিয়ে যায়।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার দেশটির বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনিয়ন ইলেকট্রিকা দে কিউবা জানায়, স্থানীয় সময় বেলা সাড়ে চারটায় (গ্রিনিচ মান সময় ২০:৩০) এই বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়।
এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটি। তবে গত সোমবারের একই ধরনের একটি বিদ্যুৎ বিপর্যয়ের পর চলতি বছরে এ নিয়ে মোট চারবার দেশজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটল। এর আগে গত মার্চ মাসে আরও দুবার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।
আর কিউবায় বিদ্যুৎ বিপর্যয় নতুন কিছু নয়, কারণ দেশটির বিদ্যুৎ অবকাঠামো দিন দিন আরও পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়ছে। এই ব্যবস্থার বড় অংশই তৈরি হয়েছিল ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্তী স্নায়ুযুদ্ধের আমলে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত কিউবার বিদেশি তেল সরবরাহের পথ বন্ধ করে দেন। সে সময় থেকে এই সমস্যা আরও তীব্র রূপ নিয়েছে।
আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে কিউবা আগে থেকেই রয়েছে। ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র ১৪০ কিলোমিটার (বা ৯০ মাইল) দূরের এই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে সব ধরনের বাণিজ্য প্রায় বন্ধ করে রেখেছে ওয়াশিংটন।
তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প এই কমিউনিস্ট-শাসিত দেশটিতে সরকার পরিবর্তনের চেষ্টা জোরদার করেছেন। সমালোচকেরা অবশ্য দীর্ঘদিন ধরেই হাভানা সরকারের বিরুদ্ধে ভিন্নমত সহিংসভাবে দমনসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছেন।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ও কিউবা সরকারের মিত্র নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এক সামরিক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প। ওই অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে এখনো সেখানেই কারাবন্দী রয়েছেন তিনি।
মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরপরই ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলা আর কিউবায় কোনো তেল বা অর্থ পাঠাতে পারবে না। এরপর থেকেই ভেনেজুয়েলার তেল রপ্তানি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ট্রাম্প প্রশাসন।
এরপর গত ২৯ জানুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে ঘোষণা করা হয়। ওই আদেশের অংশ হিসেবে তিনি হুঁশিয়ারি দেন, যেসব দেশ কিউবাকে জ্বালানি সরবরাহ করবে, তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।
এরপর থেকে গত মার্চ মাসে কেবল রাশিয়ার একটিমাত্র তেলের ট্যাঙ্কার কিউবার উপকূলে পৌঁছাতে পেরেছিল।
মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এভাবে জ্বালানি সংকট চলতে থাকলে তা কিউবার সাধারণ জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলবে, যার ফলে গণপরিবহনের মতো জনসেবামূলক খাতগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
গত জুনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক পরিসংখ্যানে দেখান, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে শিশুমৃত্যুর হার প্রায় দ্বিগুণ হয়েছে।
এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ‘২০২৬ সালের শুরুর দিক থেকে আরোপিত জ্বালানি নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সীমার বাইরে গিয়ে কঠোরতর করা নিষেধাজ্ঞাগুলো যৌথভাবে কিউবার সাধারণ মানুষকে, বিশেষ করে চরম ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে চিকিৎসকেরা সেবা দিতে পারছেন না, যার ফলে শিশুরা মারা যাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এদিকে এই ব্ল্যাকআউটের জন্য কিউবা সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে ট্রাম্প প্রশাসন।
জ্বালানি অবরোধের আগে কিউবা তাদের বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশ জীবাশ্ম জ্বালানি থেকে সরিয়ে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির দিকে নেওয়ার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে সৌরপ্রযুক্তি আমদানির মাধ্যমে কিউবা বর্তমানে সেই রূপান্তর প্রক্রিয়া আরও গতিশীল করেছে।
তা সত্ত্বেও, ২০২২ সালের হিসাব অনুযায়ী কিউবার মোট জ্বালানি ব্যবহারের মাত্র ১৮ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে নিজেদের মোট জ্বালানির প্রায় এক-চতুর্থাংশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কিউবা।

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে
মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের সেই আইন বিভাগের ছাত্রীর বিরুদ্ধে নিজের বাবাকেও হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণীর নাম আয়ুশি (২৩)। তিনি এলএলবি শেষ বর্ষের ছাত্রী।
২ ঘণ্টা আগে
শুক্রবার আদালত নির্দেশ দিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিশন কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তাকে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্য করতে পারবে না। একই সঙ্গে ইতিমধ্যে জমা পড়া তথ্যের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে আইনি বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশও করা যাবে না।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। গতকাল শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী কারাকাসে ৩.০ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হলে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত ভবনগুলো খালি করে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে