
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বেরেলিতে ‘আই লাভ মুহাম্মদ’—প্রচারাভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় আলেম ও ইত্তেহাদে মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজাকে শনিবার আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের অভিযোগ, তৌকির রাজা ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারাভিযানের সমর্থনে ভিডিওবার্তা দেন। এর পরপরই তাঁর বাড়ির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয় প্রচারাভিযানের সমর্থনে। ভিড় ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর বেরেলিতে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বিপুলসংখ্যক মুসলিম ও ১০ পুলিশ সদস্য আহত হন। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ লাঠিপেটা করে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তৌকির রাজার বাড়ির সামনে ভিড় জমে গেছে। তাঁরা স্লোগান দিচ্ছিলেন এবং হাতে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা প্ল্যাকার্ড ছিল। এ ঘটনায় অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, আরও ৫০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের কাজে বাধা, দাঙ্গা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে ১ হাজার ৭০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। শুক্রবার নামাজের পর উত্তর প্রদেশের মৌ জেলাতেও বিক্ষোভ হয়। সেখানে লোকজনকে বাড়ি ফিরে যেতে বললে কিছু বিক্ষোভকারী পাথর ছোড়ে। পরে পুলিশ লাঠিপেটা করে ভিড় ছত্রভঙ্গ করে।
প্রচারাভিযানকে ঘিরে সারা দেশেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর আগে গুজরাটের গান্ধীনগর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোক দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে এবং পাথর নিক্ষেপ করে। কর্ণাটকের দাভাঙ্গেরেতেও একই পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উত্তর প্রদেশের উনাও, মহারাজগঞ্জ, লক্ষ্ণৌ ও কোসাম্বিতেও অশান্তির খবর পাওয়া গেছে।
‘আই লাভ মুহাম্মদ’ বিতর্কের সূত্রপাত ৪ সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময়। কানপুরে মিছিলের পথে একটি তাবুতে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার ঝোলানো হয়েছিল। স্থানীয় হিন্দু সংগঠনগুলো অভিযোগ তোলে, ওই জায়গাতেই রামনবমীর মতো হিন্দু উৎসব হয়। তাই এই পোস্টার ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে।
এরপর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিন্দু সংগঠনগুলোর দাবি, তাঁদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে মুসলিমরা অভিযোগ করেন, নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করায় তাঁদের টার্গেট করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। টুইটারে #ILoveMuhammad হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।
কয়েক সপ্তাহ পর বারাণসীতে পাল্টা কর্মসূচি শুরু হয়। ধর্মীয় নেতারা ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারের প্রতিবাদে ‘আই লাভ মহাদেব’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। তাঁরা দাবি করেন, উসকানিমূলক পোস্টারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে