Ajker Patrika

ফুরিয়ে যাচ্ছে ভারতের এলএনজি মজুত, কমাল শিল্প খাতে সরবরাহ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৫: ৫৪
ফুরিয়ে যাচ্ছে ভারতের এলএনজি মজুত, কমাল শিল্প খাতে সরবরাহ
ভারতের একটি এলএনজি টার্মিনাল। ছবি: সংগৃহীত

ভারতে শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির আমদানিকারক কোম্পানিগুলো। শীর্ষ উৎপাদক কাতার ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করায় সরবরাহ আরও সংকুচিত হতে পারে, এমন আশঙ্কায় আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভারতের এলএনজি খাত-সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।

ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি ক্রেতা। আমদানির ক্ষেত্রে দেশটি মধ্যপ্রাচ্যের উৎপাদকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির সবচেয়ে বড় এলএনজি ক্রেতা ভারত। পাশাপাশি কাতার থেকে এলএনজি আমদানির ক্ষেত্রেও দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশটি।

ভারতের শীর্ষ এলএনজি আমদানিকারক পেট্রোনেট এলএনজি লিমিটেড কম সরবরাহের বিষয়ে দেশের শীর্ষ গ্যাস বিপণন কোম্পানি জিএআইএল (ইন্ডিয়া) এবং অন্য কোম্পানিগুলোকে জানিয়েছে বলে দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্রগুলোর একটি জানিয়েছে, সোমবার গভীর রাতে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন (আইওসি) এবং গেইল তাদের গ্রাহকদের গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি অবহিত করেছে।

দুটি সূত্র রয়টার্সকে জানায়, সরবরাহ কমানোর হার ১০ থেকে ৩০ শতাংশের মধ্যে রয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী কোনো জরিমানার ঝুঁকি এড়াতে সরবরাহকারীরা ন্যূনতম উত্তোলনযোগ্য পরিমাণ (মিনিমাম লিফটিং কোয়ান্টিটি) ধরে এই কাটছাঁট নির্ধারণ করেছে। এলএনজি ঘাটতি পুষিয়ে নিতে আইওসি, গেইল ও পেট্রোনেট এলএনজি স্পট বাজারে টেন্ডার আহ্বানের পরিকল্পনা করছে বলে দুটি সূত্র জানিয়েছে। তবে স্পট বাজারে দাম, পরিবহন ব্যয় এবং বিমা খরচ ইতিমধ্যে বেড়ে গেছে।

এদিকে নয়াদিল্লিতে জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সরবরাহ রক্ষায় ভারত পেট্রল ও ডিজেল রপ্তানি কমাতে পারে। রুশ অপরিশোধিত তেল আমদানি বাড়াতে পারে। সরবরাহ সংকট দীর্ঘ হলে এলপিজি রেশনিংসহ চাহিদা নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে এনডিটিভি স্বাধীনভাবে এসব সম্ভাব্য পদক্ষেপ যাচাই করতে পারেনি।

জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জ্বালানি মন্ত্রণালয় জানায়, ‘আমরা পরিবর্তনশীল পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি। দেশে প্রধান পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা ও সহনীয় দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

শিল্প খাতের হিসাবে, ভারত তার পরিশোধিত জ্বালানির একটি বড় অংশ রপ্তানি করে। মোট উৎপাদিত পেট্রলের প্রায় এক-তৃতীয়াংশ এবং ডিজেলের প্রায় এক-চতুর্থাংশ বিদেশে যায়। এলপিজি সবচেয়ে ঝুঁকিতে। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানিনির্ভর। এর বড় অংশই উপসাগরীয় উৎপাদকদের কাছ থেকে হরমুজ প্রণালি হয়ে আসে। শিল্পমহলের হিসাবে, নতুন কার্গো আসা বন্ধ হলে বর্তমান মজুত দুই সপ্তাহের কম সময়ের চাহিদা মেটাতে পারবে।

রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইন্ডিয়ান ওয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড নির্বাচিত স্থাপনায় এলপিজি উৎপাদন বাড়াতে শুরু করেছে। পুরি বলেছেন, কৌশলগত গুহামজুত, পরিশোধনাগার, বন্দর ও ভাসমান সংরক্ষণ মিলিয়ে ভারতের অপরিশোধিত তেল ও পণ্যের মজুত প্রায় ৭৪ দিনের চাহিদা মেটাতে সক্ষম। এর মধ্যে শিল্প খাতের হিসাবে কৌশলগত গুহায় সংরক্ষিত অপরিশোধিত তেল প্রায় ১৭ থেকে ১৮ দিনের চাহিদা মেটাতে পারে। পরিশোধিত জ্বালানি মজুত আছে প্রায় ২০ থেকে ২১ দিনের জন্য। এলএনজি মজুত রয়েছে প্রায় ১০ থেকে ১২ দিনের চাহিদা মেটানোর মতো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, পশ্চিম এশিয়ার সংঘাত ‘দিন নয়, কয়েক সপ্তাহ’ স্থায়ী হতে পারে। এতে ভারতের সামনে শিগগির কঠিন সমীকরণ দাঁড়াতে পারে, দেশের ভেতরে জ্বালানি নিরাপত্তা রক্ষা করবে, নাকি বৈশ্বিক বাজারে বড় রপ্তানিকারক হিসেবে তার ভূমিকা বজায় রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

‘লিবিয়া মডেল’ কাজ করছে না ইরানে, বুমেরাং হলো খামেনি হত্যা

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত