
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিবিসি জানায়, ২০১৮ সালে আদালত অবমাননা ও নিখোঁজ কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রী সান্যা একনালিগোডাকে ভয়ভীতি দেখানোর অভিযোগে জ্ঞানসারাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতে শুনানি চলাকালে জ্ঞানসারা সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সমর্থনে বক্তব্য দেন। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রগীথ একনালিগোডাকে অপহরণের অভিযোগ ছিল।
তবে এক বছরের কম সময় কারাগারে থাকার পর তৎকালীন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার দেওয়া ক্ষমায় মুক্তি পান জ্ঞানসারা।
কার্টুনে প্রগীথ একনালিগোডা গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক বৈষম্যের মতো বিষয় তুলে ধরতেন। তাঁর কার্টুন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সমালোচনার জন্যও পরিচিত ছিল। মাহিন্দা রাজাপাকসে ২০০৯ সালে দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর তামিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের পরাজিত করার জন্য জাতীয়তাবাদীদের কাছে প্রশংসিত ছিলেন।
২০১০ সালে নিখোঁজ হন প্রগীথ একনালিগোডা। এরপর আর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে স্বামীর সন্ধানের দাবিতে প্রচার চালিয়ে আসছেন। তাঁর অভিযোগ, নিখোঁজের ঘটনায় কর্তৃপক্ষ যথেষ্ট তদন্ত করছে না।
জ্ঞানসারা ‘বোদু বালা সেনা’ বা বৌদ্ধ শক্তি বাহিনী (বিবিএস) নামের সংগঠনের নেতা। তিনি মাহিন্দা রাজাপাকসে ও তাঁর ভাই গোতাবায়া রাজাপাকসের সমর্থক ছিলেন। গোতাবায়াও পরবর্তী সময়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে ইসলাম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে জ্ঞানসারাকে পৃথক আরও একটি মামলায় ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বিরল। আর কোনো বৌদ্ধ ভিক্ষুকে কারাদণ্ড দেওয়ার ঘটনা দেশটিতে প্রায় নজিরবিহীন।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
১ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
২ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন বলে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে