
এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১২ মার্চ। সম্প্রতি এ পরীক্ষার ফলাফল নিয়ে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে। এখন কবে রেজাল্ট দিবে তা জানিয়ে দেওয়া হলো।
তিন দিন আগে ‘SSC_HSC News’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। সেটি আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৯ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটির শুরুতেই একটি ছোট ক্লিপে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে কিছু ফাইল তুলে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে আছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভিডিওটির ওপরে লেখা, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে।
এরপরেই জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ছবি দেখিয়ে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে। কিন্তু জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল কী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয়েছে? পাশের হার কী ৮৫.৪৪ শতাংশ?
ভিডিও যাচাই:
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। চ্যানেলে ‘এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল হস্তান্তর’ শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ২০২৩ সালের ২৮ জুলাই। ভিডিওটির ২ মিনিট ২৬ সেকেন্ড সময়কালে দেখা যাওয়া দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ওই সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বোর্ডটির ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন। ওই দৃশ্যকেই ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে সম্প্রতি প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ওইদিনই অর্থাৎ ২৮ জুলাই, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণত যেদিন ফল প্রকাশ হয়, সেদিনই প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হয়।
প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যাচাই:
প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানে দৈনিক প্রথম আলোসহ অন্য কোনো সংবাদ মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাসের হার নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং টিকটকের ভাইরাল ভিডিওটিতে দেখানো প্রথম আলোর কথিত প্রতিবেদনে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিবেদনে ফন্টের মিল পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনটিতে কোনো শিরোনামও নেই। এ ছাড়া প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে প্রথম আলোতে ২০২৩ সালে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়।
পরে দাবিটি প্রসঙ্গে অধিকতর নিশ্চিত হতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার আগে পাশের হার, জিপিএ ফাইভ নিয়ে এমন তথ্য প্রকাশের সুযোগ নেই। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি পেলেই তারিখ ঘোষণা করা হবে।’
অর্থাৎ পুরানো একাধিক ছবি, ভিডিও ও প্রথম আলোর লোগো ব্যবহার করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে টিকটকের ভিডিওটিতে।

‘ক্ষমা করে দিও আমাদের, আমরা অকৃতজ্ঞ জাতি। তোমার বাড়ির আঙিনায় তোমার উষ্ণ অনুভূতি আর বাঙালিরা পাবে না। বুকের ভিতর রাখা আছো তুমি, তুমি আমার অনুভূতি...
২ দিন আগে
‘যদি কেউ পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের নামে মামলা করে, তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের নামে আমি মামলা করব’—এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
‘গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, বিএনপির উচিত হবে সময় থাকতে মেনে নেওয়া’—এই বক্তব্য আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
৩ দিন আগে
‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
৩ দিন আগে