Ajker Patrika

ফ্যাক্টচেক /আদালতের রায়ের প্রতিবাদে মিছিল দাবিতে ৫ আগস্টের ভিডিও প্রচার আওয়ামী লীগপন্থীদের

ফ্যাক্টচেক ডেস্ক
আদালতের রায়ের প্রতিবাদে মিছিল দাবিতে ৫ আগস্টের ভিডিও প্রচার আওয়ামী লীগপন্থীদের
বিচারের বিরুদ্ধে বিক্ষোভের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া আরও অনেক মামলায় তাঁদের বিচারকার্য এখনও চলমান।

এই বিচারের প্রেক্ষাপটে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রায়গুলোকে ব্যঙ্গ করে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে প্রচারণা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে—‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশের জনগণ।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিও পর্যবেক্ষণে সড়কের দুই পাশ জুড়ে হাজারো মানুষকে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায়। আশপাশে গাছপালা, ল্যাম্পপোস্ট এবং উঁচু ভবন দেখখা যায়। ভিডিওটি দেখে দৃশ্যটি বড় ধরনের জনসমাগম বা মিছিলের মতো মনে হয়। এ ছাড়া ভিডিওটিতে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—ইত্যাদি স্লোগান শুনতে পাওয়া যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে—সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম অ্যানালাইসিস ও কি-ওয়ার্ড অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমে বিচারের প্রতিবাদে এমন কোনো মিছিল বা জনসমাবেশের সত্যতা পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে ‘Hasan Chowdhury’ নামের একটি ফেসবুক পেজে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ২০২৬ সালের ৬ আগস্ট শেয়ার করা ওই ভিডিও থেকে জানা যায়, ভিডিওটি ২০২৪ সালের ৫ আগস্টে ধারণ করা হয়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ‘Aug 5, 2024 when I was covering for international media’ ক্যাপশনে ‘Md Muktadir Rashid’ নামের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টেও হুবহু একই ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, মুক্তাদির রশিদ একজন পেশাদার সাংবাদিক, যিনি বর্তমানে ‘বাংলা আউটলুক’ ও থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ‘The Irrawaddy–English Edition’-এ কর্মরত রয়েছেন।

সাংবাদিক মুক্তাদির রশিদের পোস্ট। ছবি: স্ক্রিনশট
সাংবাদিক মুক্তাদির রশিদের পোস্ট। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ২০২৬ সালের ৫ আগস্ট ‘Private University Students Alliance of Bangladesh–PUSAB’-এর ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করা হয়। সেটির ইংরেজি ক্যাপশনে বলা হয়, ‘গণভবনের উদ্দেশ্যে মিছিল | ৩৬ জুলাই, ২০২৪ শ্যামলী শিশুমেলা থেকে গণভবন সড়ক। ভিডিও: মুক্তাদির রশিদ রোমিও’।

৩২ সেকেন্ডের ওই ভিডিওটিতে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল’-এর সাইনবোর্ডসহ একটি লাল রঙের বিল্ডিংয়ের দৃশ্য দেখা যায়। গুগল স্ট্রিট ভিউ ও লোকেশন ম্যাপ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের সামনের সড়কের।

কম্পেরিজন বা তুলনা। আজকের পত্রিকা
কম্পেরিজন বা তুলনা। আজকের পত্রিকা

সিদ্ধান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাজার রায়ের প্রতিবাদে রাজপথে মিছিলের দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী থেকে গণভবনমুখী ছাত্র-জনতার গণমিছিলের একটি পুরোনো ভিডিওকে বানোয়াট দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত