
দিল্লির বিমানবন্দর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজে যাচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, তিনি গোপনে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন এবং ছবিটি সেই মুহূর্তের।এই দাবিতে ফেসবুক ( ১, ২, ৩, ৪, ৫, ৬ ), ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্ট ছড়িয়ে পড়া ছবিটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
আলোচিত দাবিতে ‘আমার বাংলাদেশ’ নামের পেজ সম্ভাব্য প্রথম পোস্ট শেয়ার করা হয়। ‘দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বলেছিস অসুস্থ তারা ছবিটা দেখে নে হজ করে বাংলাদেশে ফিরবে ইনশাআল্লাহ’ ( লেখা ও বানান অপরিবর্তিত) ক্যাপশনে পোস্টটি আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে শেয়ার করা ওই পোস্টটিতে ১৯ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত ৪ হাজার ২০০ রিয়েকশন রয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৪৮৮ কমেন্ট এবং ৩৯৮ শেয়ার রয়েছে।
পোস্টের কমেন্ট যাচাই করে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এগিয়ে যাও, দোয়া রইলো’, কেউ লিখেছেন, ‘সোর্স কী?’, আবার কেউ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

আজকের পত্রিকার অনুসন্ধান
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে একজন নারী সাদা এহরাম পরিহিত অবস্থায় হেঁটে যাচ্ছেন; গলায় আইডি কার্ড, হাতে তসবিহ এবং বাঁ হাতে একটি কালো ব্যাগ, পায়ে সাদা চটি। তাঁর পাশে থাকা নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গে ভারতীয় আধা-সামরিক বাহিনী ‘সিআইএসএফ’-এর ইউনিফর্মের মিল রয়েছে। এ ছাড়া পেছনের সাইনবোর্ডে হিন্দি লেখা দেখে মনে হয় স্থানটি ভারতের কোনো বিমানবন্দর।
তবে ভাইরাল ছবিটিতে বেশকিছু অসঙ্গতি দেখা যায়। প্রথমত, নিরাপত্তারক্ষীদের রাইফেল ধরার ভঙ্গি (প্যারেড স্টাইল), চারজন রক্ষীর ট্রিগারে আঙুলের অবস্থান হুবহু একই এবং তিনজনের চেহারা প্রায় অভিন্ন। এ ছাড়া তিনজনের ক্যাপের পিন একই হলেও পেছনের জনের ক্যাপে ভিন্ন পিন দেখা যায়। দ্বিতীয়ত, মাঝের নারী এবং পাশে থাকা রক্ষীদের উচ্চতা ও দূরত্বের অনুপাত অস্বাভাবিক। চারজন সেনা যেভাবে একেবারে সামরিক কায়দায় দাঁড়িয়ে আছে, তা নাটকীয়।
তৃতীয়ত, শেখ হাসিনার হাতে থাকা কালো ব্যাগে স্পষ্ট অক্ষরে ‘HAJJ 2024’ লেখা। চতুর্থত, ভাইরাল ছবির ডান কোণে গুগলের ‘জেমিনি এআই’ (Gemini AI)-এর লোগো দেখা যায়। সাধারণত গুগলের এই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এমন জলছাপ থাকে।
দৃশ্যমান এসব অসঙ্গতির কারণে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে যাচাই করে দেখা যায়, এটি গুগলের জেমিনি এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। এ ছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনেও একই তথ্য পাওয়া যায়।
এআই বিশ্লেষণ

এ ছাড়া রিভার্স ইমেজ সার্চ ও সংশ্লিষ্ট কি-ওয়ার্ড অনুসন্ধানে কোনো দেশি বা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার হজে যাওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন দাবিতে (১, ২, ৩)বিভ্রান্তিকর ও কৃত্রিম (এআই) ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।
সিদ্ধান্ত
দিল্লি বিমানবন্দর হয়ে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার একটি মসজিদে হিন্দুরা আগুন ধরিয়ে দিয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা হিসেবে এই ঘটনাটি ঘটেছে।
১১ ঘণ্টা আগে
নেপালে নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার আইন পাস করেছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেপালের নতুন সরকারের এমন কঠোর পদক্ষেপের খবর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
১ দিন আগে
সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরান দুবাইয়ের একটি তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিডিওটি দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
২ দিন আগে
চট্টগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় ১৪ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে