
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎ করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
‘Shahidullah Osmani’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টে দাবি করা হয়, ‘রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনাকে রাজকীয় প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ সামরিক প্রোটোকল দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’
গতকাল ১৩ সেপ্টেম্বর শেয়ার করা পোস্টটিতে আজ ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ রিয়েকশন, ২৩৪ কমেন্ট ও ২৪৮ শেয়ার রয়েছে। এ ছাড়া, পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়।
প্রচারিত পোস্টে সাক্ষাতের কোনো সুনির্দিষ্ট স্থান কিংবা সময়ের উল্লেখ পাওয়া যায়নি। তথ্যটি যাচাইয়ে সজীব ওয়াজেদ জয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে অনুসন্ধান করা হলে এমন তথ্য সংবলিত কোনো পোস্ট কিংবা ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। কোনো তথ্য পাওয়া যায়নি রাহুল গান্ধী ব্যবহৃত কোনো মাধ্যমেও।
এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও ভারতের প্রধান বিরোধীদলীয় নেতার সঙ্গে জয়ের এ ধরনের কোনো বৈঠকের খবর পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে সম্প্রতি ইতালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের একটি ছবির সঙ্গে আলোচিত ছবির মিল পাওয়া যায়।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে একটি ভারতীয় গণমাধ্যমে ‘Siddaramaiah shares warm hug’ with Rahul Gandhi as DK Shivakumar to likely take over Karnataka throne’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে ছড়ানো রাহুল গান্ধীর ছবির মিল পাওয়া যায়।
চলতি বছরের মে মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সিদ্দারামাইয়া নয়াদিল্লির ১০ জনপথে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন এবং তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন। বৈঠকে কর্ণাটকের রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, রাজ্যসভা নির্বাচন এবং দলীয় অভ্যন্তরীণ বিষয়। পরে সিদ্দারামাইয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এদিকে ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কোনো সাক্ষাৎ হয়নি। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেষ হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক হিন্দু গুরুর সামনে ঝুঁকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি ওই গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে একাধিকবার অগ্ন্যুৎপাতে ঘটেছে। এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এগুলো সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য।
৫ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে। প্রচারিত ভিডিওতে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করা হয়েছে।
৬ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র চালানোর দৃশ্য-সংবলিত একটি ভিডিও ছড়িয়ে দিয়ে এটিকে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য সতর্কবার্তা হিসেবে দাবি করা হচ্ছে।
৬ দিন আগে