
‘আমার সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে। মনে রাখবেন, জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে’— সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার মন্তব্য দাবিতে ফটোকার্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নীলা ইসরাফিল, শামীম আহমেদ, প্রতিদিনের খবর24-সহ আরও কিছু ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলোচিত দাবিতে পোস্ট করা হয়েছে।
এই দাবিতে ভাইরাল কিছু ফেসবুক পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এ বিষয়ে প্রতিদিনের খবর24 নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা পোস্টটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। গতকাল (৩ মার্চ) বেলা ১২টা ১১ মিনিটে শেয়ার করা পোস্টটিতে আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ১ লাখ ৬ হাজার রিয়েকশন, প্রায় ২ হাজার ৫০০টি শেয়ার এবং ২৪ হাজার ৭০০টি কমেন্ট রয়েছে।
তবে আলোচিত বিষয়ে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয় ‘Gorom TV’ নামের একটি পেজ থেকে। ২৮ ফেব্রুয়ারি দুপুর ৩টা ১২ মিনিটে পোস্টটি শেয়ার করা হয়। দুপুর পৌনে ২টা পর্যন্ত এতে ২ হাজার ৮০০ রিয়েকশন, ৩২টি শেয়ার এবং প্রায় ৫৪৮টি কমেন্ট রয়েছে।
পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী আলোচিত বক্তব্যটিকে সত্য মনে করেছেন। ফাহমিদা খাতুন নামে একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘১৮ কোটি না, ১৮ জন নামায়ে দেখ।’ মাসুদ হোসাইন নামে মন্তব্য করা হয়েছে, ‘তোরা একটা আন্দোলনের ডাক দেরে ভাই, দেখি কতগুলো জুলাই যোদ্ধা সামিল হয় তোদের সাথে। প্লিজ ডাক দে, খুব মন চায় এটা দেখতে।’ সিকদার মুজিবর রহমান নামে মন্তব্য করা হয়েছে, ‘গায়ের ওজনের চেয়ে কথার ওজন বেশি।’
আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত দাবিতে শেয়ার করা সম্ভাব্য প্রথম পোস্ট করা Gorom TV পেজের ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, সেখানে কোনো তথ্যসূত্র নেই। পেজটির ‘অ্যাবাউট’ অংশে লেখা রয়েছে, পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
পরবর্তীতে যাচাইয়ে সম্প্রতি সময়ে সবচেয়ে বেশি ছড়ানো প্রতিদিনের খবর24 নামের ফেসবুক পেজে শেয়ার করা ফটোকার্ডেও কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। অনুসন্ধানে পেজটিতে একই রকম আরও কিছু ফটোকার্ড থাকলেও সেখানেও কোনো সূত্রের উল্লেখ নেই।
পেজটিতে গতকাল (৩ মার্চ) শেয়ার করা ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ‘আসিফ মাহমুদের কথায় ১৮ কোটি মানুষ একবারই ভুল করেছে, আর মাঠে নামবে না’— ক্যাপশনে শেয়ার করা ভিডিওতে একজন ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তি বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাস্তায় নেমে আসবে।
ভিডিওতে তিনি আরও বলেন, ‘এই বাচ্চা উপদেষ্টাকে আমি বলতে চাই, ১৮ কোটির মধ্যে আমিও একজন। কে আসবে, কী আসবে না আমি জানি না, তবে আমি রাজপথে নামবো না। আমি হয়তো রাজপথে নামবো কিভাবে আপনার সম্পদ বৃদ্ধি পেল, তা জানতে।’
ভিডিওতে তিনি জুলাই যোদ্ধা, ৫ আগস্টের পর মানুষের আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের দুর্নীতির অভিযোগসহ আরও কিছু বিষয়ে কথা বললেও কোথায়, কবে, কখন আসিফ মাহমুদ এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই।
অনুসন্ধানে নীলা ইসরাফিলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিদিনের খবর নামের ফটোকার্ডটি ছাড়াও একটি ভিডিও পাওয়া যায়। ‘আসিফ মাহমুদ সজীব ওরফে শাকিব খান, সম্পদের হিসাব চাইলে যদি ১৮ কোটি মানুষ রাস্তায় নামে, তাহলে হিসাবটা দিলেই তো হয়। দেশের মানুষও হাঁটাহাঁটি থেকে বাঁচে, ট্রাফিক জ্যামও কমে!’ — ক্যাপশনে আজ সকাল ৮টায় নিজের একটি ভিডিও শেয়ার করেন নীলা ইসরাফিল। সেখানে তিনি আসিফ মাহমুদকে ‘শাকিব খান’ সম্বোধন করে তাঁর সম্পদের হিসাব দিতে বলেন এবং তাঁর নামে সমস্ত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাঁকে জেলে যেতে হবে বলেও উল্লেখ করেন। দুই মিনিটের ভিডিওতে আসিফ মাহমুদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ, ‘উল্টাপাল্টা কথা’ না বলার বলার পরামর্শ দিলেও, আসিফ মাহমুদ কোথায় এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
এ ছাড়া আলোচিত দাবির বিষয়ে দেশীয় গণমাধ্যমেও কোনো তথ্য পাওয়া যায়নি। আসিফ মাহমুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের মন্তব্যের উল্লেখ নেই।
তবে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোতে ‘আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব’ শিরোনামে ৪ মার্চ দিবাগত রাত ১২টা ৪ মিনিটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তিন কর্মদিবসের মধ্যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংক হিসাবের বিষয়টি নিয়ে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’
সিদ্ধান্ত
‘আমার সম্পদের হিসাব চাওয়া হলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে’— আসিফ মাহমুদের নামে ছড়িয়ে পড়া দাবিটি মিথ্যা। সম্ভবত Gorom TV নামে স্যাটায়ার ফেসবুক পেজের ফটোকার্ডটির ওপর ভিত্তি করেই বিভিন্ন জন মন্তব্য করছেন।

‘যদি ইরান চায়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করব। এটি মুছে ফেলার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট’—কিম জং উনের এমন মন্তব্য দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
‘হাদি হত্যার বিচার হলে, আজ “খামেনি” মরতো না’— ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার মন্তব্য দাবিতে এমন একটি ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টের কমেন্ট বক্সে বেশিরভাগই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার যুক্তরাষ্ট্রে হামলার শিকার হয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘিরে কয়েকজন চিৎকার করছেন, ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দাবির সমর্থনে ভিডিওটি শেয়ার করে বলা
১ দিন আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান ও আমির খান ইরানের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন— এমন দাবিতে কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে