প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের ঢেউ খেলে যাচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরীর মনে। ফোনের অন্য প্রান্ত থেকে তাঁর উচ্ছ্বাস স্পষ্ট আঁচ করা যাচ্ছিল। চারদিক থেকে শুভেচ্ছা বার্তা আসছে, ফোনে ভীষণ ব্যস্ততা।
এর মাঝেই জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় মৃত্যুঞ্জয় গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন খেলার পর এটা আমার জন্য প্রাপ্তি হিসেবে দেখছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার পরিবার অনেক খুশি।’ গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিরতিতে অনুশীলন শেষ করে বের হওয়ার সময় আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার খবরটা পান মৃত্যুঞ্জয়। প্রথমবার ডাক পেলেও অনেক দিন হলো জাতীয় দলের আশপাশে আছেন। বিপিএলে নিয়মিত পারফরমার। তবে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তাঁর লড়াই করতে হয়েছে চোটের সঙ্গে।
মৃত্যুঞ্জয় এবারের ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৭ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। ২১ বছর বয়সী বাঁহাতি পেসার আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘আমি সব সময় প্রস্তুত ছিলাম, যেকোনো সময় হয়তো সুযোগ আসবে। সব সময় প্রস্তুত থাকা একজন ক্রিকেটারের কাজ। আমরা খেলিই তো একটা স্বপ্ন নিয়ে। সে অনুযায়ী প্রস্তুত ছিলাম এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম। আল্লাহর রহমতে সুযোগটা এল, দেখা যাক, কতটুকু কী করতে পারি।’
দলের পঞ্চম পেসার হিসেবে ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয়। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি, ‘লক্ষ্য থাকবে নিজেকে প্রমাণ করা। আমি দেশসেরা বা তাদের চেয়ে ভালো, এটা প্রমাণ করাই মূল লক্ষ্য থাকবে।’
বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও জানা আছে মৃত্যুঞ্জয়ের। একজন ভালো পেস বোলিং অলরাউন্ডার হওয়ার সব সম্ভাবনা আছে তাঁর মাঝে। সম্ভাবনা বাস্তবে রূপ দিতে আত্মবিশ্বাসের ঘাটতি নেই মৃত্যুঞ্জয়ের, ‘যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কখনো ভালো করতে পারব না। এর সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। চেষ্টা করছি আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রমের সমন্বয় রাখতে। যেহেতু বোলিংয়ে পারফর্ম করে যাচ্ছি, ব্যাটিংয়ে আপাতত চাপ কম। এই সময়টা কাজে লাগানোর (ব্যাটিং) চেষ্টা করছি, যাতে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে নিতে পারি।’










