‘পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!/ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে’—
যোগীন্দ্রনাথ সরকারের কবিতায় লেখা এমন ঘটনা কেবল ‘মজার দেশে’ই সম্ভব। কল্পনার এ জগৎ কি কখনো বাস্তবে ধরা দেয়? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ের পাতায় একটু ঢুঁ মারলেই মিলবে এ প্রশ্নের উত্তর। রেকর্ডের খাতায় নাম লেখাতে অদ্ভুত সব কর্মকাণ্ড বেছে নিয়েছে এ জগতেরই গুটিকয়েক মজার মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের প্রতিবেদনের আলোকে আজকের বিচিত্রে থাকছে এমনই কয়েকটি মজার রেকর্ড।
এক জায়গায় দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ ঘোরার প্রতিযোগিতা করেছেন কখনো? শৈশবের এ মজার খেলাটি প্রায় সবাইকে ছুঁয়ে দেয়। কিন্তু অনেকক্ষণ ঘোরার পর মাথা কেমন যেন চক্কর দিত। দুনিয়াকে মনে হতো লাটিমের মতো ঘুরছে। আর মাথা নিচে রেখে এমন চক্কর দেওয়ার প্রশ্নই আসে না।
রেকর্ডের খাতায় নাম লেখাতে এ অসাধ্য সাধন করেছেন মিসরের কেইথ কেবে এডওয়ার্ড স্নাইডার। তবে মাটিতে নয়, আকাশে। ১৩ হাজার ৫০০ ফুট ওপরে থাকা হেলিকপ্টার থেকে লাফ দেন এ স্কাইসার্ফার। এরপর পা উল্টো করে হেলিকপ্টারের পাখার মতো ১৬০ বার ঘোরেন, যা গিনেসে নতুন রেকর্ড। ক্যাটাগরির নামটাও বেশ অদ্ভুত ‘হেলিকপ্টার ঘূর্ণি’। মিসরের গিজা পিরামিড এলাকায় এ রেকর্ড গড়ার আগেও স্নাইডারের পালকে ছিল জাতীয় অনেক পদক।
তৃপ্তির ঢেকুর বলতে বাংলায় একটা টার্ম আছে। ভোজনরসিকেরা আয়েশে পানাহার করার পর তৃপ্তির ঢেকুর তোলেন। সেই ঢেকুরের আওয়াজ যত বেশি হবে, খাবার তত মজা হয়েছে বলে কথিত আছে। তবে জনসমাবেশে জোরে ঢেকুর তোলা অভদ্রতা হিসেবেই মনে করা হয়। ঢেকুর তুলে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার নেভিল শার্প। গিনেস বইয়ের হিসাবে ১১২.৪ ডেসিবেল শব্দের সবচেয়ে জোরে ঢেকুর তোলার রেকর্ডের পাশে এখন তাঁর নামটিই লেখা। ১০ বছর ধরে এ রেকর্ড ছিল ব্রিটেনের পল হানের দখলে, ১০৯. ৯ ডেসিবেল।
ছেলেবেলা থেকেই ভাইবোনদের মধ্যে সবচেয়ে জোরে ঢেকুর তুলতে পারতেন নেভিল। মজার ব্যাপার হচ্ছে, বিয়ে করার পর তাঁর স্ত্রীর অনুপ্রেরণায় রেকর্ডের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। সবশেষে সবার সামনে যন্ত্রে মেপে রেকর্ডটা গড়েই ফেলেন।
বাতাসে ছুড়ে একের পর এক তিনটি বল হাতে রেখে কারসাজি দেখানো নতুন কিছু নয়। একে বলা হয় ‘জাগলিং’। তবে চলন্ত অবস্থায় ভারসাম্য রাখতে গেলে এ কাজ অসাধ্য হয়ে ওঠে। কিন্তু কঠিন করেই কঠিনকে জয় করেছেন যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের ডেভিড রাশ। পা দিয়ে চালানো ইলেকট্রিক ইউনিসাইকেলে করে জাগলিং করতে করতে রেকর্ড ৩৫ মাইল পাড়ি দিয়েছেন তিনি। পুরো পথে একবারও বেগ পেতে হয়নি তাঁকে।
তবে রেকর্ডের খাতায় নাম লেখাতে গিয়ে সামাজিক সচেতনতার বার্তাও দিয়েছে ব্রিটিশ কোম্পানি কারির পিসি ওয়ার্ল্ড। ইলেকট্রিক রিসাইক্লিং করা ১ হাজার ৪৯৬টি ওয়াশিং মেশিন বসিয়ে একটি পিরামিড বানানো হয়। এর মধ্য দিয়ে রেকর্ড ওয়াশিং মেশিন বসিয়ে ৪৪ ফুট ৭ ইঞ্চি লম্বা পিরামিড বানায় প্রতিষ্ঠানটি। ব্যবহার করার পর কোনো জিনিসকে বর্জ্য না বানিয়ে পরিবেশবান্ধব উপায়ে রিসাইক্লিং করলে আমাদের বাস্তুতন্ত্র টিকে থাকবে। এই ছিল দলটির বার্তা।










