এই গরমে তরমুজের নাম শুনলেই মনে প্রশান্তির ছোঁয়া কাজ করে। আর সে তরমুজ খাওয়ার পর তার বীজ দিয়েই যদি হয়ে যায় একটি সুন্দর হাতের বানানো ফুলদানি, তাহলে তো আর কথাই নেই। আমাদের সবার বাসায় কমবেশি কাচের বোতল থাকে। হতে পারে সেটা শেষ হয়ে যাওয়া সসের বোতল অথবা মেয়োনিজের কিংবা অন্য কিছুর বোতল। সে বোতল আর তরমুজের বীজ দিয়েই হয়ে যাবে একটা আকর্ষণীয় ফুলদানি।
যা যা লাগবে
- তরমুজের বীজ
- কাচের বোতল
- পছন্দমতো রং
- আঠা
- বার্নিশ
যেভাবে বানাবে
প্রথমে কাচের বোতল ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর রং করতে হবে নিজের পছন্দমতো। আমি ব্যবহার করেছি সাদা ও হলুদ রং। তারপর সেখানে, তরমুজের বীজ ফুলের আকৃতি করে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। ফুল বসানো হয়ে গেলে সবুজ রং দিয়ে পাতা, ডালপালা এঁকে দিলে হয়ে যাবে কাচের বোতলের ওপর তরমুজের বীজের ফুল। এই ফুলদানি দীর্ঘস্থায়ী করার জন্য সবশেষে বার্নিশ করে দিতে হবে। এতে করে রং স্থায়ী হবে।
তোমরা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারো তরমুজের বীজ দিয়ে এ ধরনের ফুলদানি।










