কুমিল্লার তিতাস উপজেলার হাবাতিয়া নদীর পেটে যাচ্ছে বাতাকান্দি-মোহনপুর সড়ক। ইতিমধ্যে একটি অংশে সড়কের অর্ধেক নদীতে ভেঙে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দুই বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। ফলে ধুলাবালিতে সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে।
সরেজমিনে দেখা গেছে, বাতাকান্দি-মোহনপুর আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বারকাউনিয়া এলাকায় সড়কের অর্ধেক হাবাতিয়া নদীতে চলে গেছে। এই সড়কে যাতায়াতের সময় যাত্রীরা যানবাহন থেকে নেমে ভাঙনের অংশ পার হয়ে আবার যানবাহনে উঠছেন। এ ছাড়া সড়কের সংস্কারকাজ বন্ধ থাকায় ধুলার মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
উপজেলার শরশতিচর গ্রামের বাসিন্দা করিম সওদাগর বলেন, এই সড়কের সংস্কারকাজ শুরু হলেও দুই বছরেও তা শেষ না হওয়ায় ধুলাবালিতে বিপর্যস্ত পথচারী এবং সড়কের পাশে বাস করা মানুষ। একদিকে ধুলায় সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগ, অপরদিকে সড়কটির কিছু অংশ হাবাতিয়া নদীতে ভেঙে গেছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক সালাহ উদ্দিন বলেন, সড়কের বারকাউনিয়া অংশে যে পরিমাণ নদীতে ভেঙে গেছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কায় তাঁরা যাত্রীদের নামিয়ে ভাঙন এলাকা পার হয়ে আবার যাত্রী গাড়িতে ওঠান। এ ছাড়া ধুলাবালিতে গাড়ি চালাতে দুর্ভোগে পড়তে হয়। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, বাতাকান্দি-মোহনপুর সড়কের ভাঙন অংশটি মেরামত করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারপরও তাঁরা জেলা প্রকৌশলী বরাবর প্রস্তাব পাঠিয়েছেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, সড়কটি মেরামতের জন্য চলতি মাসের সমন্বয় সভায় আলোচনার মাধ্যমে রেজল্যুশন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
জেলা প্রকৌশলী মির্জা ইফতেখার আলী বলেন, ‘আমি সড়কটি দেখেছি, কাজটি মূলত পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু সড়কটি যেহেতু আমাদের, তাই সড়কটি টিকিয়ে রাখতে হেড অফিসে প্রস্তাব পাঠিয়েছি ডিজাইনের জন্য। আশা করি দ্রুত সড়কের ভাঙন অংশটি মেরামত করতে পারব ইনশা আল্লাহ।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫