জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো সর্বসম্মত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। চূড়ান্ত খসড়া প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির (কয়লা, তেল ও গ্যাস) ব্যবহার কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো উল্লেখ না থাকা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ একাধিক দেশ চুক্তিটি প্রত্যাখ্যান করে।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে জানান, সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য গঠনে ব্যর্থ হওয়ায় প্রস্তাবিত চুক্তিটি গৃহীত হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত শুক্রবারে সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা আজ রোববার পর্যন্ত গড়ায়। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এবারের সম্মেলনটি জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে দীর্ঘতম সম্মেলনের স্থান দখল করেছে। তবে শেষ পর্যন্ত ‘আন্তালিয়া প্যাক্ট’ নামের প্রস্তাবিত চুক্তিটিতে সবাই একমত হতে পারেনি।
সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে মুরাত কুরুম বলেন, ‘হলরুমে এমন কিছু পক্ষ রয়েছে, যারা এই খসড়ার বিরোধিতা করছে। বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। আমরা স্বীকার করছি যে, এই খসড়ার বিষয়ে কোনো সর্বসম্মত ঐকমত্য তৈরি হয়নি। ফলে এই সিদ্ধান্ত গৃহীত হলো না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, তবে কারও ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি।’
ইউরোপীয় ইউনিয়ন, মার্শাল আইল্যান্ড, পানামা, নরওয়ে এবং ভানুয়াতু আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি তোলে। ইইউ-এর পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী ডারাগ ও’ব্রায়েন বলেন, ‘যে সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত নয় এবং জলবায়ু সংকটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বদলে উল্টো বৈশ্বিক প্রতিশ্রুতি থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, ইইউ তা সমর্থন করবে না। এই প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি।’
বিরোধের মূল কেন্দ্রবিন্দু
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে বিশ্বের দেশগুলো কয়লা, তেল ও গ্যাস থেকে ধীরে ধীরে সরে আসার যে ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছিল, এবারের আন্তালিয়া চুক্তির খসড়ায় সেই জীবাশ্ম জ্বালানি শব্দটিই কৌশলে বাদ দেওয়া হয়। এ ছাড়া খসড়া প্রস্তাবে দুবাই চুক্তির প্রসঙ্গ টেনে আনা হলেও সেখানে প্রত্যক্ষ কোনো দিকনির্দেশনা ছিল না। উল্টো এতে ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) প্রযুক্তির ওপর জোর দেওয়া হয়। এই বিষয়টিকে তেল উৎপাদনকারী দেশগুলো সমর্থন করলেও পরিবেশবাদীরা জীবাশ্ম জ্বালানি উৎপাদন দীর্ঘায়িত করার অজুহাত আখ্যা দেন।
বৈশ্বিক প্রতিক্রিয়া ও ক্ষোভ
এদিকে চুক্তিটি ভেস্তে যাওয়ার পর বিভিন্ন দেশ অসন্তোষ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াতা ফাহনবুলে একে পেছনের দিকে ফিরে যাওয়ার মতো পদক্ষেপ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাওয়ার চরম বাস্তবতার মুখোমুখি হয়ে আমাদের আরও সাহসী ভূমিকা নেওয়া উচিত ছিল। কিন্তু সম্মেলনটি সমঝোতায় পৌঁছাতে চরমভাবে ব্যর্থ হলো।’
পানামার প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের নিজেদের অবস্থান থেকে সরে আসতে বলা হচ্ছে। কিন্তু জলবায়ু বা প্রকৃতি কারও সঙ্গে দর–কষাকষি করে না।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের প্রতিনিধি সতর্ক করে বলেন, অযৌক্তিক কোনো কিছু আমাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের প্রয়োজন এত বিশাল, কিন্তু বৈশ্বিক সহায়তার ব্যবধান বেড়েই চলেছে। মানুষ মারা যাচ্ছে এবং সমুদ্রের পানি ক্রমেই ওপরে উঠছে।
এ ছাড়া নরওয়ে এবং জার্মানিও খসড়া নিয়ে ওপর তাদের আপত্তি প্রকাশ করেছিল। ফলে কোনো চুক্তি ছাড়াই ইতি ঘটল কপ৩১ জলবায়ু সম্মেলনের।









