বিশ্বে প্রথমবারের মতো আইনি অধিকার পেল পেরুর হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো আইনি অধিকার পেয়েছে কোনো কীটপতঙ্গ। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে (স্টিংলেস বি) এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে এবং ২০২৬ সালের জানুয়ারিতে দেশটির দুটি পৌর সরকার মৌমাছির অধিকারসংক্রান্ত একটি ঘোষণা অনুমোদন করে। এর মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা, বিকশিত হওয়া, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা এবং আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার নিশ্চিত হয়েছে ক্ষুদ্র এই পরাগায়নকারী প্রাণীর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএন জানায়—পরিবেশবাদী সংগঠন, সংরক্ষণকর্মী ও আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রচেষ্টায় এই স্বীকৃতি এসেছে। পেরুতে হুলবিহীন মৌমাছির ১৭৫ টির বেশি প্রজাতি রয়েছে। আমাজনের বনভূমির বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। কিন্তু বন উজাড়, কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে এসব মৌমাছির সংখ্যা দ্রুত কমছে।
আইনি অধিকার প্রদান উদ্যোগের অন্যতম উদ্যোক্তা রোজা ভাসকেজ এসপিনোজা। তিনি একজন কেমিক্যাল বায়োলজিস্ট এবং পরিবেশবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। ২০২০ সালে হুলবিহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। পরে গবেষণার পাশাপাশি তাদের আইনি সুরক্ষার বিষয়টিও সামনে আনেন। এ কাজের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডসের একজন বিজয়ী নির্বাচিত হন তিনি।
এসপিনোজা জানান, গবেষণা শুরু করে তাঁরা দেখেন, স্থানীয় প্রজাতি হওয়া সত্ত্বেও পেরুর আইনে হুলবিহীন মৌমাছির কোনো উল্লেখ নেই। অথচ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আদালতে গিয়ে লড়াই করার ক্ষমতা নেই এসব ক্ষুদ্র প্রাণীর। তাই মানুষেরই তাদের হয়ে কথা বলতে হবে।
নাম হুলবিহীন হলেও এসব মৌমাছির শরীরে হুলের অস্তিত্ব রয়েছে। তবে তা এতটাই ক্ষুদ্র বা অকার্যকর যে আত্মরক্ষায় ব্যবহার করতে পারে না তারা। বিপদের মুখে কোনো কোনো প্রজাতি বাসার সুরক্ষায় উচ্চ শব্দে গুঞ্জন তোলে কিংবা কামড় দেয়। সাধারণত গাছের কোটর, মাটির নিচে বা বিভিন্ন ফাঁকা জায়গায় বাসা তৈরি করে তারা।
আইনি অধিকার ঘোষণার খসড়া তৈরি ও অনুমোদনের প্রচেষ্টায় যুক্ত ছিল আমাজন রিসার্চ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পরিবেশ আইনবিষয়ক সংগঠন আর্থ ল সেন্টার এবং আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিকা। এ ছাড়া আশানিঙ্কা কমিউনিটি ও স্থানীয় মৌমাছি পালনকারীরাও এতে অংশ নেন। সাতিপো ও নাউতা প্রদেশের পৌর সরকার যথাক্রমে ২০২৫ সালের অক্টোবর ও ২০২৬ সালের জানুয়ারিতে ঘোষণাটি অনুমোদন করে। পরে কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিয়ন আশানিঙ্কা পৌরসভাও একই ধরনের আইন অনুমোদন করেছে।
আর্থ ল সেন্টারের লাতিন আমেরিকাবিষয়ক আইন পরিচালক কনস্তানজা প্রিয়েতো ফিগেলিস্ত বলেন, এই উদ্যোগে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে আশানিঙ্কা জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান ও স্থানীয় সংস্কৃতির সমন্বয় ঘটেছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে মৌমাছি সংরক্ষণ করে আসছেন। খাদ্য ও ঔষধি উদ্ভিদের পরাগায়নে এসব মৌমাছির ভূমিকা রয়েছে। পাশাপাশি তাদের মধু ঐতিহ্যগত চিকিৎসায়ও ব্যবহৃত হয়।
তবে আইন অনুমোদনই শেষ কথা নয়। মৌমাছির অধিকার লঙ্ঘনের ঘটনা কীভাবে চিহ্নিত হবে এবং এর জন্য কী শাস্তি দেওয়া হবে, তা নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। যেমন, সংরক্ষিত মৌমাছির বাসা রয়েছে এমন গাছ কেটে ফেললে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও নির্ধারণ করতে হবে। এ বছরই প্রয়োজনীয় বিধিমালা অনুমোদনের আশা করছেন এসপিনোজা।
এখন পর্যন্ত এই আইনকে কেন্দ্র করে কোনো মামলা হয়নি। তবে মৌমাছি সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, বিদ্যালয়ের পাঠ্যক্রমে তাদের অন্তর্ভুক্তি এবং আদিবাসীদের জীবিকা উন্নয়নে স্থানীয় বাজার গড়ে তোলার মতো উদ্যোগ শুরু হয়েছে।
এসপিনোজা জানান, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠন নিজ নিজ অঞ্চলের মৌমাছি সংরক্ষণে একই ধরনের আইন প্রণয়নের আগ্রহ প্রকাশ করেছে। তাঁর মতে, এটি কেবল একটি আইনি বিজয় নয়; বরং প্রকৃতি সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগের সূচনা।









