
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি বাংলাদেশ অভিমুখে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। আরও কিছু শক্তি অর্জন করতে পারে। এটি ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে আট কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এটি বাংলাদেশ অভিমুখে রয়েছে।’
যদি গভীর নিম্নচাপটি সাইক্লোনে রূপান্তরিত হয়, তাহলে ২৫ তারিখের পর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
আবুল কালাম মল্লিক বলেন, ‘এটি মাত্র নিম্নচাপে পরিণত হয়েছে। যেহেতু অক্টোবর মাস ঘূর্ণিঝড়প্রবণ মাস, সে কারণে সাগরে এমন নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘এখনো বাংলাদেশের কোন উপকূলে আঘাত হানবে তা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ অভিমুখে আছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে।’
যদি এটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নেয়, তবে নাম হবে হামুন (Hamoon)। নামটি দিয়েছে ইরান। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, এটির অর্থ ‘ক্ষুদ্রাকৃতির দৈত্য’ বা ‘জেন্টল জায়ান্ট’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সাইক্লোনটি বাংলাদেশের হাতিয়া, নোয়াখালী, কুয়াকাটা ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে ৷ এটির গতিবেগ সর্বোচ্চ ৬৮ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’
বিশ্বজিৎ নাথ বলেন, ‘২৬ অক্টোবর সন্ধ্যার সময় সমুদ্র উত্তাল হতে পারে, যা ২৭ অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪৮ কিলোমিটার।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়েছে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজধানীতে দিনভর ছিল চিটচিটে অনুভূতি দেওয়া রোদের তাপ। দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই দমকা ও শীতল হাওয়া বইতে শুরু করে। হঠাৎ মেঘের গর্জন, বিদ্যুতের ঝলক আর থেমে থেমে হালকা বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে, শুধু রাজধানী ঢাকা নয়, রাতেই দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা..
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে আবারও রেকর্ড গরমের শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ‘এল নিনো’ (উষ্ণ দশা) তৈরি হতে পারে, যা পরে শক্তিশালী হয়ে ‘সুপার এল নিনো’তে রূপ নিতে পারে। এমনটা হলে বিশ্বের বহু দেশে অস্বাভাবিক গরম, খরা, অতিবৃষ্টি, বন্যা এবং ঝড়ের প্রকোপ বাড়তে পারে...
১৯ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলাও ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে