
অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি সুস্থ হয়ে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এর মাঝেই পাওয়া গেল স্পর্শিয়ার নতুন আরেক কাজের খবর। কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এ যুক্ত হলেন তিনি।
কয়েক দিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সিরিয়ালটিতে নতুন চরিত্র যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতা অমি। গতকাল সন্ধ্যায় স্পর্শিয়ার ক্যারেক্টার লুকের পোস্টার শেয়ার করে অমি জানান, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া।
ব্যাচেলর পয়েন্টে যুক্ত হওয়া প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। চাইছিলাম সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে যখন কল এল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কাজ করা হয়নি। আশা করছি, আমাদের এই কোলাবরেশন দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’
কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালে পুরুষ চরিত্রগুলোই বেশি দেখা যায়। সেই তুলনায় নারী চরিত্র কম। গল্পের প্রয়োজনে আমার মনে হয়েছে সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, তাই স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কি না বা তাঁর চরিত্র কতটা আনন্দিত করবে, সেটা সিজন ফাইভের নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’
গত কোরবানির ঈদে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট ৫-এর প্রচার। নতুন সিজনে পাঁচ বছর পর ব্যাচেলর পয়েন্টে ফিরেছেন তৌসিফ মাহবুব। সিরিয়ালটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্টের নতুন আটটি পর্ব। বঙ্গের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্টের নতুন পর্বগুলো।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৮ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
২১ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
২১ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
২১ ঘণ্টা আগে