Ajker Patrika

‘সম্‌+সার’ নাটকের দুই দিনে তিন প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘সম্‌+সার’ নাটকের দুই দিনে তিন প্রদর্শনী
‘সম্‌+সার’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল শূন্য মঞ্চে এনেছে নাটক ‘সম্‌+সার’। গত জুলাইয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটির। আবারও শিল্পকলায় আসছে সম্‌+সার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা দুই দিন দেখা যাবে নাটকটির তিনটি প্রদর্শনী।

৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল ৫টা, সন্ধ্যা সাড়ে ৭টা এবং ৬ সেপ্টেম্বর একই স্থানে সন্ধ্যা ৭টায় রয়েছে সম্‌+সার নাটকের প্রদর্শনী।

১৯৭০ সালে জীবনানন্দ দাশের মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয় মাল্যবান। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী দাম্পত্যজীবনের আত্মজৈবনিক প্রতিফলন ঘটিয়েছেন এই উপন্যাসে।

নাটকের পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। সম্‌+সার নাটকে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী ও যাজ্ঞোসীনি মৌ।

নাটকটি নিয়ে নির্দেশক রাকিবুল হক বলেন, ‘সমালোচকেরা বলে থাকেন জীবনানন্দ তাঁর ব্যক্তিজীবন তুলে ধরেছেন মাল্যবান উপন্যাসে। তবে নাটকে আমরা জীবনানন্দের সৃষ্টি হিসেবে গল্পটি দেখানোর চেষ্টা করছি। উপন্যাসে মাল্যবান চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলা হলেও নাটকে স্বামী ও স্ত্রী দুই পক্ষকে সমানভাবে উপস্থাপনের প্রয়াস আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত