
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মানুষ যাকে চায়, তাকে পায় না; আবার যাকে পায়, তাকে সে চায় না। কিন্তু যাকে পায়, আশপাশের মানুষকে ভালো রাখার জন্য তাকেই মেনে নেয়, জীবনে মানিয়ে নেবার চেষ্টা করে। এটাই মূল গল্প।’
এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘কিছুদিন আগে চয়নের নির্দেশনায় লাইফ ইজ বিউটিফুল নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। ১৬ ফেব্রুয়ারি রঙ্গন চ্যানেলে প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। চয়ন তো সব সময় জীবনের গল্প নিয়েই নাটক নির্মাণ করে। ভালোবাসার অন্য নাম তুমি টেলিফিল্মটিও আমাদের জীবনেরই একটা গল্প। ভালো লাগবে সবার।’
অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করা হলো। এতে ডলি আপা, দীপা খন্দকার, রিচি কাজ করবে জেনেই অভিনয় করা। কারণ সব নাটকে বা ইউনিটে এতজন ভালো অভিনয়শিল্পী পাওয়া যায় না। তার ওপর, গল্পটা ভালো লেগেছে। কাজ করেও আনন্দ পেয়েছি।’
এই টেলিফিল্মে অভিনয় করা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘চয়নিকা দিদির নির্মাণের প্রতি দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। গল্প, শিল্পী নির্বাচন, সিনেমাটোগ্রাফি—সব মিলিয়েই তাঁর নাটক, টেলিফিল্ম, সিনেমাগুলো ভীষণ উপভোগ্য হয়ে ওঠে। এই নাটকটি নিয়েও আমার তেমনি প্রত্যাশা।’
অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, ‘চয়ন দিদির নির্দেশনায় আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটা যদিও আমাদের খুব চেনাজানা, তারপরও চয়নদি তাঁর নির্মাণশৈলী দিয়ে অনন্য করে তোলার চেষ্টা করেছেন। অনেক দিন পর ডলি আপা, সেলিম ভাই, দীপা আপা আর আমি একসঙ্গে এক টেলিফিল্মে কাজ করলাম। খুব ভালো লাগল।’
টেলিফিল্মটির শুটিং হয়েছে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত, ঢাকায়। প্রযোজনা করেছেন ‘রঙ্গন’ মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন। নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর টেলিফিল্মটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে