মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলানের ৩৯টি স্টুডিও অ্যালবাম ও ১৬ ‘বটলেগ সিরিজ’, লাইভ পারফরম্যান্সের সংকলন, অসংখ্য সিঙ্গেল ও অপ্রকাশিত গানের স্বত্ব কিনে নিল সনি। সংগীতবিষয়ক ম্যাগাজিন বিলবোর্ড জানিয়েছে, ডিলানের এই রেকর্ডিং স্বত্ব কিনতে সনির কলম্বিয়া রেকর্ডসকে গুনতে হয়েছে ২০ কোটি ডলারেরও (প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা) বেশি।
গত বছরের জুলাইয়ে ডিলানের সঙ্গে সনির এই চুক্তি হয়েছে। তবে সেই খবর প্রকাশ পেল গতকাল সোমবার। সাম্প্রতিক সময়ে সংগীত বিশ্বের সবচেয়ে বড় চুক্তি বলা হচ্ছে এটিকে।
এর আগে গত ডিসেম্বরে ইউনিভার্সাল মিউজিকের কাছে নিজের গানের লিরিকসহ যাবতীয় লেখালেখির স্বত্ব বিক্রি করেছিলেন ডিলান। ওই চুক্তির মূল্য ছিল ৪০ কোটি ডলারের (প্রায় ৩ হাজার ৪৩৫ কোটি টাকা)। বিশাল অঙ্কের ওই চুক্তির পর এবার ডিলানের যাবতীয় গানের মালিকানা পেল সনি।

জানা গেছে, সনির সঙ্গে ডিলানের এই চুক্তি অনুযায়ী ১৯৬২ সালে মুক্তি পাওয়া শিল্পীর প্রথম অ্যালবাম থেকে সর্বশেষ অ্যালবাম ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’-এর মালিক হলো সনি। বিখ্যাত এই সংগীত তারকার অপ্রকাশিত গান নিয়েও ভবিষ্যতে সংকলন প্রকাশ করতে পারবে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে সনি মিউজিক গ্রুপের চেয়ারম্যান রব স্ট্রিঞ্জার বলেন, ‘কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে বব ডিলানের সম্পর্ক তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই। বব ও তাঁর টিমের সঙ্গে আমরা আবার কাজের সুযোগ পেলাম, এটা ভীষণ ভালো খবর। এখন যারা বব ডিলানের ভক্ত ও ভবিষ্যত প্রজন্ম—সবার কাছে তাঁর গান সহজলভ্য করবে এই চুক্তি।’
বব ডিলান বলেন, ‘কলম্বিয়া রেকর্ডস ও রব স্ট্রিঞ্জার বহু বছর ধরে আমার ও অনেক রেকর্ডের জন্য ভালো ফল এনে দিয়েছে। আমার সব রেকর্ড সেখানেই থাকবে, যেখানে ওগুলো থাকার কথা। এতেই আমি খুশি।’
কলম্বিয়া রেকর্ডস থেকেই ১৯৬২ সালে বেরিয়েছিল গায়কের প্রথম অ্যালবাম ‘বব ডিলান’। এই কোম্পানির সঙ্গে ডিলানের প্রায় ছয় দশকের সম্পর্ক।
৮০ বছর বয়সী বব ডিলান তাঁর গানে সব সময় দিতে চেয়েছেন মানবতার বার্তা। যুদ্ধ, বর্ণবিদ্বেষ—যেখানেই যত অন্যায় দেখেছেন, গানে গানে জানিয়েছেন প্রতিবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তাঁর অবদান অনেক। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সাহায্যের জন্য ম্যাডিসন স্কয়ারে আয়োজিত ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গেয়েছিলেন তিনি।
২০১৬ সালে গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান বব ডিলান।

চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
১৫ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
১৮ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
১৮ ঘণ্টা আগে