পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব। মুসলিম নির্মাতারা যেন নিজেদের গল্প নিজেদের মতো করে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে এই আয়োজন।
উৎসবের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, ‘এই উৎসবের মূল ভিত্তি হলো আনন্দ, সংলাপ ও একাত্মবোধ। মুসলিমেরা একটি বৈশ্বিক ও বৈচিত্র্যময় সম্প্রদায়। নির্দিষ্ট একক কোনো মুসলিম গল্প বলে কিছু নেই। প্রতিটি দৃষ্টিকোণই আমাদের পরিচয়ের বৈচিত্র্যকে তুলে ধরে এবং প্রতিটি গল্পই বলার দাবি রাখে।’
আয়োজকেরা জানিয়েছেন, এক দিনের এই উৎসবে ৭টি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রামাণ্যচিত্র, ড্রামা, কমেডি, অ্যানিমেশন ও এক্সপেরিমেন্টাল—নানা ঘরানার সিনেমার মিশ্রণ থাকছে এতে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচিত বেশির ভাগ সিনেমাই নারীদের বানানো।
বৈচিত্র্যময় বিষয় নিয়ে তৈরি হয়েছে উৎসবে নির্বাচিত এসব সিনেমা। তালিকায় রয়েছে, আশির দশক থেকে কারাবন্দী এক সাবেক গ্যাং সদস্যের গাজাবাসীর প্রতি সংহতি জানানো নিয়ে জাস্টিন মাশুফের প্রামাণ্যচিত্র ‘$১৭.৭৪’, বাবা ও ছেলের গল্প ‘বাবা ইজ মেল্টিং’, তিন প্রজন্মের আফগান নারীদের গল্প নিয়ে কমেডি ‘হারাম সালামি’, মৃত্যুশয্যায় থাকা বাবার শেষ ইচ্ছা নিয়ে ‘গোসল’ এবং এক মুসলিম কর্মীর মজার অভিজ্ঞতা নিয়ে কানাডিয়ান কমেডি ‘আনকোয়ালিফায়েড’।
এ ছাড়া থাকছে সিরীয় এক শরণার্থী শিশুর ফুটবল ম্যাচ জেতার গল্প ‘বুকরা’, সন্তানের মুখে প্রথম ডাক শোনার আকুলতা নিয়ে এক দম্পতির ফরাসি ড্রামা ‘ইয়া হানৌনি’, এক শিশুর সাইকেল পাওয়ার স্বপ্ন ও ধৈর্যের গল্প নিয়ে পাকিস্তানি ড্রামা ‘সবর ও শোকর’, সৌদি ফ্যান্টাসি ‘মালিকা’, অ্যানিমেশন ‘মাই ফ্রেন্ড ইন দ্য জিংগেল ট্রাক’, ডাইনোসর-ভক্ত এক শিশুর গল্প ‘দ্য বয় উইথ ডাইনোসর হেড’ এবং যুক্তরাজ্যের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ‘হেনা’।
নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যালের ছয় সদস্যের জুরিবোর্ডে রয়েছেন এমি বিজয়ী অভিনেতা আসিফ মান্ডভি। এ ছাড়া আছেন অস্কারে পাঠানো পাকিস্তানি অ্যানিমেশন সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান, আরব-আমেরিকান লেখক ও নির্মাতা দারিন হোতাইতে, লেবানিজ-আমেরিকান নির্মাতা সারাহ মোখ, মিসরীয়-আমেরিকান অভিনেতা আবুবকর আলী ও ওয়াটারমেলন পিকচার্সের হেড অব প্রোডাকশন মুনির আতালাহ।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অজয় দেবগন। দৃশ্যম সিরিজের শেষ সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দিয়ে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন তিনি। অজয়ের অভিনয়জীবনের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৭ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে