ছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। গত আগস্টে প্রকাশ পেয়েছিল তাঁর সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান। আবারও কিশোরের জন্য নতুন গান তৈরি করেছেন তিনি। গানের শিরোনাম ‘জটিল মানুষ’।
সুর করার পাশাপাশি জটিল মানুষ গানের কথাও লিখেছেন কুমার বিশ্বজিৎ। শুধু তা-ই নয়, জটিল মানুষ গানের মিউজিক ভিডিওর কনসেপ্টও তাঁর। সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর। এতে মডেল হয়েছেন মীর সাব্বির, মুকিত জাকারিয়া ও সংগীতশিল্পী পান্থ কানাই। মীর সাব্বিরকে দেখা যাবে হাতুড়ে ডাক্তারের চরিত্রে। পান্থ কানাই অভিনয় করেছেন অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকায়, আর মুকিত জাকারিয়া হয়েছেন এলাকার বড় ভাই। ২৩ অক্টোবর কিশোর দাসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জটিল মানুষ গানটি।

নতুন এই গান নিয়ে কিশোর দাস বলেন, ‘গানটি আমার জন্য বিশেষ। জটিল মানুষ গানের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব কুমার বিশ্বজিৎ দাদার। গান লেখা, সুর করা, অডিও ও ভিডিওর নেপথ্যে সর্বক্ষণ ছিলেন তিনি। তাঁর মতো জনপ্রিয় শিল্পীর এই গান আমার জন্য আশীর্বাদস্বরূপ। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই গান।’
অভিনেতা মীর সাব্বির বলেন, ‘জটিল মানুষ দিয়ে মিউজিক ভিডিওতে প্রথমবার কাজ করা হলো। আমাকে ছোট একটি চরিত্রে দেখা যাবে। এতে আমি এলাকার হাতুড়ে ডাক্তার। গল্পনির্ভর একটি ভিডিও তৈরি হয়েছে। গেয়েছেন কিশোর দাস। লিখেছেন ও সুর করেছেন আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিৎ। জটিল মানুষের জন্য রইল অনেক শুভেচ্ছা।’
মুকিত জাকারিয়া বলেন, ‘জটিল মানুষ নামটি দিয়েছেন কুমার বিশ্বজিৎ দাদা। গেয়েছেন আমার পছন্দের ছোট ভাই কিশোর। কিশোর একদিন ফোন করে জানায়, একটি গানের মিউজিক ভিডিও করতে চায়, যেখানে মীর সাব্বির ও পান্থ কানাই আছেন। এখানে আমাকে অভিনয় করতে হবে। কথার মাঝপথেই কুমার বিশ্বজিৎ দাদার ফোন আসে। দাদাকে জানাই আমি গানটি করছি। তিনি অসাধারণ লিখেছেন এবং সুর করেছেন। যাঁরা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, তাঁরাও খুব ভালো করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি গান হয়েছে।’
কিশোর দাস জানান, ২৩ অক্টোবর জটিল মানুষ গান প্রকাশের দিন আয়োজন করা হবে একটি অনুষ্ঠানের। সেখানে গানটি নিয়ে কথা বলবেন গানসংশ্লিষ্টরা। এ ছাড়া উপস্থিত থাকবেন সংগীতজগতের মানুষেরা।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১১ ঘণ্টা আগে