
মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। আশির দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শুধু মালয়ালম নয়; হিন্দি, তামিল, তেলুগু ভাষাতেও সিনেমা বানিয়েছেন। সব মিলিয়ে তাঁর নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি। এখনো ক্যামেরার পেছনে দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আর মাত্র দুটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন প্রিয়দর্শন।
প্রিয়দর্শন এখন ক্যারিয়ারের ৯৯তম সিনেমার শুটিং করছেন। ‘হাইওয়ান’ নামের এ সিনেমার মাধ্যমে ১৭ বছর পর একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রিয়া পিলগাওকর ও সাইয়ামি খের। প্রিয়দর্শনের নির্মিত ২০১৬ সালের সিনেমা ‘ওপ্পাম’-এর রিমেক এটি। তবে হিন্দি রিমেকে চিত্রনাট্য ও সংলাপে খানিকটা বদল এনেছেন প্রিয়দর্শন।
চমক আরও রয়েছে। হাইওয়ানে একটি বিশেষ চরিত্রে দেখা দেবেন মোহনলাল। ওপ্পামে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। হাইওয়ানে মোহনলালের চরিত্রটি দর্শকদের চমকে দেবে বলেই জানিয়েছেন প্রিয়দর্শন। এতে অক্ষয়কে নায়ক নয়, পাওয়া যাবে ভিলেন হিসেবে। ওপ্পামের পর প্রিয়দর্শন শুরু করবেন বহুল আলোচিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’র শুটিং।

২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। তবে ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির দ্বিতীয় পর্বে পরিচালক হিসেবে তিনি ছিলেন না। ফিরছেন তৃতীয় পর্বে। হেরা ফেরি থ্রিতে আবারও দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের অভিনয়।
প্রিয়দর্শন বলেন, ‘আমি সাধারণত নিজের সিনেমার সিকুয়েল বানাই না। এটা আমার কাজের ধরন নয়। তবে হেরা ফেরি থ্রি পরিচালনা করব। কারণ, প্রযোজক অনেক দিন ধরে সিনেমাটি বানানোর অনুরোধ করছেন।’
হেরা ফেরি থ্রির পর আরও একটি সিনেমা বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন প্রিয়দর্শন। এ বিষয়ে তিনি বলেন, ‘এ সিনেমাগুলোর কাজ শেষ করে আমি অবসর নেব বলে ভাবছি। কারণ, আমি ক্লান্ত হয়ে পড়েছি।’
নিজের শেষ প্রজেক্টটি নিয়ে এরই মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছেন প্রিয়দর্শন। তাঁর সবচেয়ে বেশি সিনেমার অভিনেতা মোহনলালকেই নির্বাচন করেছেন নিজের শেষ সিনেমার নায়ক হিসেবে। এখনো সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত হয়নি, তবে আগামী বছর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন প্রিয়দর্শন।
অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিনেমার পাশাপাশি বলিউডেও অনেক আলোচিত কাজ উপহার দিয়েছেন প্রিয়দর্শন। বানিয়েছেন ‘হেরা ফেরি’, ‘হাঙ্গামা’, ‘হালচাল’, ‘গরম মাসালা’, ‘ভাগাম ভাগ’, ‘চুপ চুপ কে’, ‘ভুল ভুলাইয়া’, ‘খাট্টা মিঠা’, ‘কিউ কি’, ‘আক্রোশ’সহ ২৬টি হিন্দি সিনেমা। তাঁর অবসরের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের সমাপ্তি ঘটবে।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১০ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১ দিন আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১ দিন আগে