Ajker Patrika

সোশ্যাল মিডিয়ায় রুনা লায়লাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মেয়ে তানি লায়লার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৮
সোশ্যাল মিডিয়ায় রুনা লায়লাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মেয়ে তানি লায়লার ক্ষোভ
রুনা লায়লা ও তানি লায়লা। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা। তিনি জানান, রুনা লায়লা জীবিত ও সুস্থ আছেন, অর্থ উপার্জনের আশায় স্বার্থান্বেষী মানুষ এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়াচ্ছে।

ফেসবুকে তানি লায়লা লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে। যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

তানি আরও লেখেন, ‘আমার মা তাঁর জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনও তাঁকে এভাবেই অসম্মান করে চলেছে। কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

রুনা লায়লার সুস্থতার কথা জানিয়ে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসব এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’

এর আগে গত মে মাসে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন রুনা লায়লা। সে সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর খবর। বিষয়টি যে পুরোপুরি গুজব, তা পরবর্তী সময়ে রুনা লায়লা নিজেই নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত