Ajker Patrika

কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির, এ মাসে ফিরতে চান শুটিংয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৩: ১৫
কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির, এ মাসে ফিরতে চান শুটিংয়ে
তানিয়া বৃষ্টি । ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। তখন থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ভক্তদের মনে গভীর উদ্বেগ। অনেকে জানতে চান, এখন কেমন আছেন তিনি, কবে থেকে আবার ফিরবেন শুটিংয়ে?

ভক্তদের প্রশ্নগুলো চোখ এড়ায়নি অভিনেত্রীর। সেই প্রশ্নের উত্তর দিতে গতকাল ফেসবুকে লাইভে আসেন তানিয়া। জানালেন, তিন মাস ধরে কেমোথেরাপি চলছে তাঁর। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ; এ মাসেই ফিরতে চান শুটিংয়ে।

নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক দিন ধরে অসুস্থ, এখনো আছি। আগের চেয়ে অনেকটা ভালো। এখন কেমোথেরাপি চলছে। তিন মাস শেষ হয়েছে, আরও তিন মাস কেমোথেরাপি নিতে হবে।’

পরবর্তী চিকিৎসার বিষয়ে তানিয়া বৃষ্টি জানান, ছয় মাসের কেমোথেরাপি শেষ হলে মাথার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। ওই রিপোর্টগুলোর ফল দেখে ডাক্তার পরবর্তী চিকিৎসার বিষয়ে জানাবেন।

অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতাল আর ঘরেই কাটছে তানিয়ার জীবন। স্বাভাবিকভাবে ওজন বেড়েছে তাঁর। ফেসবুক লাইভে নেটিজেনরা এ বিষয়ে মন্তব্য করলে তার ব্যাখাও দেন তানিয়া। অভিনেত্রী বলেন, ‘ওজন তো বাড়ার কথা। কারও যদি দুটি সার্জারি হয়, তার ওজন বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক।’

অসুস্থতার আগে সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকতেন তানিয়া। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে হঠাৎ সব থেমে যায়। নয় মাস ধরে তিনি শুটিং করতে পারছেন না। তানিয়া জানালেন, নিজের চেনা জগৎকে মিস করলেও অসুস্থতার কারণে অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে ভক্তদের দিলেন ফেরার সুখবরও। জানালেন, এ মাস থেকে কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেন, আবার কবে নাটকে ফিরব? অবশ্যই নাটকে ফিরতে চাই। ইচ্ছা আছে এই মাস থেকে আবার কাজ শুরু করার। কথাবার্তা চলছে। অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারিনি। এখনো অসুস্থ আছি, কিন্তু আগে একটু বেশি অসুস্থ ছিলাম। বর্তমানে অনেকটা ভালোর দিকে। তাই শুটিংয়ে ফেরার কথা ভাবছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত