Ajker Patrika

এই তো সেদিন

শাহ বিলিয়া জুলফিকার
এই তো সেদিন

এই তো সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম পা রাখা। চোখে স্বপ্ন, মনে কৌতূহল। চারপাশের সবকিছুই ছিল নতুন। অথচ দেখতে দেখতে পেরিয়ে গেছে চারটি বছর। এবার বিদায়ের পালা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছেন র‍্যাগ ডে।

‘র‍্যাগ ডে ইজ ফাইনালি হ্যাপেনিং গাইজ!’ স্লোগানে ১২ নভেম্বর উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর অনুষদ ভবনের নিচে চলে রঙের খেলা, ছবি তোলা, ভিডিও ধারণ। বন্ধুদের পোশাকে জায়গা করে নেয় স্মৃতিমাখা নানা কথা। দুপুর সাড়ে ১টা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের চার বছরের পথচলা ছিল পড়াশোনা, পরিশ্রম ও বিচিত্র অভিজ্ঞতায় ভরা। সংবিধান, দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ নানা জটিল বিষয় আয়ত্ত করতে হয়েছে তাঁদের। ছিল মামলার নজির বিশ্লেষণ, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি। কখনো নির্ঘুম রাত, কখনো বন্ধুর নোট ভাগাভাগি করে পড়া। এমন ছোট ছোট মুহূর্তেই দৃঢ় হয়েছে ব্যাচের বন্ধন।

ব্যাচের ছেলে শ্রেণিপ্রতিনিধি তানভীর হক বলেন, ‘এই ব্যাচের প্রতিটি মানুষ আলাদা একেকটি গল্প। সবার কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, সেটিই আমার সবচেয়ে বড় অর্জন। চাই, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও আমাদের বন্ধন অটুট থাকুক।’

মেয়ে শ্রেণিপ্রতিনিধি তিথির কণ্ঠেও বিদায়ের সুর। তিনি বলেন, ‘চেনা মানুষগুলোকে আর প্রতিদিন একই শ্রেণিকক্ষে দেখতে পাব না। সবাই নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়বে। তবে চার বছরের স্মৃতি কখনো মুছে যাবে না।’

শিক্ষার্থী সাকিবুল ইসলামের কথায়, ‘যে সহপাঠী একসময় বেঞ্চের সঙ্গী ছিল, সে-ই হয়ে ওঠে বিপদের দিনের নির্ভরতার জায়গা।’

চার বছরের চেনা অধ্যায় পেছনে ফেলে এবার নতুন জীবনের পথে হাঁটবেন তাঁরা। কারও গন্তব্য আদালত, কারও বিচারকের এজলাস। কেউ বেছে নেবেন আইন পেশার অন্য কোনো ক্ষেত্র। সময়ের স্রোতে পথ আলাদা হবে, বদলে যাবে পরিচিত দিনযাপন। তবু স্মৃতির ঠিকানা থেকে যাবে একই জায়গায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত