Ajker Patrika

মেডিকেল ভর্তির প্রস্তুতি যেভাবে

ভোর ৫টা-সকাল ৯টা : পদার্থবিজ্ঞান ও রসায়ন

সকাল ৯টা-বেলা ১১টা : খাওয়া ও বিশ্রাম

বেলা ১১টা-বেলা ২টা : জীববিজ্ঞান ও ইংরেজি

বেলা ২টা-বিকেল ৪টা : বিশ্রাম

বিকেল ৪টা-৫টা : সাধারণ জ্ঞান

সন্ধ্যা ৬টা-রাত ১২টা : পুনরাবৃত্তি ও মডেল টেস্ট

শিক্ষা ডেস্ক
মেডিকেল ভর্তির প্রস্তুতি যেভাবে
শিক্ষার্থী আল ইশরাত জাহান ঈশিতা। ছবি: সংগৃহীত

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন অনেক শিক্ষার্থী। প্রতিযোগিতা বেশি হওয়ায় শুরু থেকে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ইশরাত জাহান ঈশিতা। ২০২৬ সালের এমবিবিএস ফাইনাল প্রফে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।

মূল বইকে গুরুত্ব দিন

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে মূল পাঠ্যবইয়ের ওপর ভালোভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। একটি অধ্যায় পড়ার পর নিজেকে প্রশ্ন করা যেতে পারে—কী শিখলাম, বই না দেখে কতটুকু মনে করতে পারছি? এভাবে নিজেকে মনে করানোর অনুশীলন পড়া মনে রাখতে সহায়তা করে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি

জীববিজ্ঞান: জীববিজ্ঞানে তথ্য বেশি থাকায় একবার পড়ে সব মনে রাখা কঠিন। তাই পড়াকে কয়েকটি ধাপে ভাগ করা যেতে পারে। প্রথমবার বুঝে পড়া, দ্বিতীয়বার তথ্য চিহ্নিত করা, তৃতীয়বার বই বন্ধ করে মনে করার চেষ্টা এবং চতুর্থবার এমসিকিউ দিয়ে নিজেকে যাচাই করা যেতে পারে। নির্দিষ্ট সময় পরপর একই বিষয় পুনরায় পড়লে তথ্য মনে রাখা সহজ হয়।

রসায়ন: রসায়নে মুখস্থের পাশাপাশি ধারণা পরিষ্কার করা জরুরি। ভৌত রসায়নে সূত্র ও গাণিতিক সমস্যার পাশাপাশি কোন পরিস্থিতিতে কোন সূত্র প্রয়োগ করতে হবে, তা বুঝতে হবে। জৈব রসায়নে বিক্রিয়া, বিকারক, বিক্রিয়ার শর্ত ও উৎপাদের সম্পর্ক বোঝার পাশাপাশি নিয়মিত অনুশীলন প্রয়োজন। অজৈব রসায়নের তথ্য মনে রাখতে নিয়মিত পুনরাবৃত্তি করা যেতে পারে। পদার্থবিজ্ঞান: পদার্থবিজ্ঞানে শুধু সূত্র মুখস্থ না করে এর প্রয়োগ জানা প্রয়োজন। একটি সূত্র শেখার পর বিভিন্ন ধরনের প্রশ্নে তা প্রয়োগের অনুশীলন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিকিউ সমাধানের চেষ্টা করলে সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ে।

ইংরেজি ও সাধারণ জ্ঞান: ইংরেজির জন্য প্রতিদিন অল্প সময় দিলেও নিয়মিত অনুশীলন করা জরুরি। Vocabulary, synonym-antonym, preposition, grammar, idiom-phrase ও spelling-এর ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে। সাধারণ জ্ঞানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, সংবিধান, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান-প্রযুক্তি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়তে হবে।

মডেল টেস্ট

রুটিন ব্যক্তিভেদে পরিবর্তন করা যেতে পারে। নিজের পড়ার গতি ও সুবিধা অনুযায়ী সময় ভাগ করা ভালো।

পড়াশোনার কৌশল

ভুল বিশ্লেষণ: কোনো প্রশ্নের উত্তর ভুল হলে শুধু সঠিক উত্তর দেখে এগিয়ে যাওয়া উচিত নয়। কেন ভুল হয়েছে, তা খুঁজে বের করতে হবে। ভুলের কারণ শনাক্ত করলে একই ধরনের ভুল কমানো সম্ভব।

বারবার পড়া: একটি বিষয় একবার পড়ে রেখে না দিয়ে নির্দিষ্ট সময় পরপর পুনরায় পড়তে হবে। এতে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা সহজ হয়।

এমসিকিউ অনুশীলন: নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমাধানের অনুশীলন করতে হবে। এতে সময় ব্যবস্থাপনা ও গতি বাড়ে।

মডেল টেস্ট

মডেল টেস্টকে শুধু নম্বর যাচাইয়ের মাধ্যম হিসেবে না দেখে নিজের দুর্বলতা খুঁজে বের করার সুযোগ হিসেবে দেখা যেতে পারে। টেস্টের পর খেয়াল করতে হবে—কোন প্রশ্ন অজানা ছিল, জানা সত্ত্বেও কোথায় ভুল হয়েছে, কোথায় অসাবধানতা ছিল, কোন প্রশ্নে বেশি সময় লেগেছে এবং কোন অধ্যায় থেকে বারবার ভুল হচ্ছে।

পরীক্ষার আগের দিন

পরীক্ষার আগের দিন নতুন কিছু শেখার চেষ্টা না করে হালকা পুনরাবৃত্তি করা ভালো। প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষাকেন্দ্র ও প্রয়োজনীয় সামগ্রী আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। এরপর পর্যাপ্ত ঘুমিয়ে পরদিনের পরীক্ষার জন্য প্রস্তুত থাকা জরুরি।

পরীক্ষার হলে করণীয়

পরীক্ষার হলে জ্ঞানের পাশাপাশি মানসিকভাবে স্থির থাকাও গুরুত্বপূর্ণ। প্রশ্ন কঠিন মনে হলে নার্ভাস না হয়ে সহজ প্রশ্নগুলোর আগে উত্তর করা যেতে পারে। প্রশ্নের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে পড়তে হবে। বিশেষ করে NOT, INCORRECT, EXCEPT, CORRECT—এ ধরনের শব্দে বাড়তি খেয়াল রাখা জরুরি। কোনো একটি প্রশ্নে বেশি সময় না দিয়ে প্রয়োজনে সেটি পরে সমাধান করা যেতে পারে। আন্দাজে উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

পরীক্ষার পর

পরীক্ষা শেষ হওয়ার পরও ভর্তিপ্রক্রিয়ার কয়েকটি ধাপ থাকে। ফলাফল প্রকাশ, মেধাক্রম, পছন্দক্রম, কলেজ বরাদ্দ, মাইগ্রেশন ও ভর্তি—প্রতিটি ধাপে সতর্ক থাকা প্রয়োজন। এ সময় সংশ্লিষ্ট ভর্তি নির্দেশিকা অনুসরণ করুন।

নতুনদের জন্য পরামর্শ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। এক দিন বেশি পড়ে পরের দিন পড়াশোনা না করার চেয়ে প্রতিদিন নিয়মিত পড়া বেশি কার্যকর। পড়া জমিয়ে না রেখে রুটিন অনুযায়ী এগিয়ে যেতে হবে। নিয়মিত পুনরাবৃত্তি ও এমসিকিউ অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি যাচাই করতে হবে।

গ্রন্থনা: নুসরাত জাহান অর্পিতা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত