Ajker Patrika
ফ্রান্সে উচ্চশিক্ষা

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

শিক্ষা ডেস্ক
ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি
ছবি: সংগৃহীত

ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি ২০২৭-এর আবেদন আহ্বান করা হয়েছে। এ বৃত্তির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আপনিও আবেদন করতে পারবেন। ফরাসি সরকারের অর্থায়নে পরিচালিত এ বৃত্তির লক্ষ্য হলো মেধাবী বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করা। বিশ্ববিদ্যালয়ের মনোনয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া হয়। পাশাপাশি যাতায়াত, বিমা ও আবাসনসংক্রান্ত সহায়তার সুযোগ রয়েছে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ১ হাজার ২০০ ইউরো এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১০০ ইউরো উল্লেখ করা হয়েছে। মাস্টার্সের দ্বিতীয় বর্ষে বৃত্তির মেয়াদ সর্বোচ্চ ১২ মাস, প্রথম বর্ষে ২৪ মাস এবং প্রকৌশল ডিগ্রির ক্ষেত্রে ৩৬ মাস। পিএইচডি পর্যায়ে মেয়াদ ১২, ১৮ অথবা ৩৬ মাস হতে পারে। গবেষণা ও অধ্যয়নের ধরন অনুযায়ী মেয়াদ নির্ধারিত হয়ে থাকে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বৃত্তির আওতায় সাতটি ক্ষেত্র রয়েছে। এগুলো হলো জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশগত রূপান্তর, গণিত ও ডিজিটাল বিজ্ঞান, প্রকৌশলবিজ্ঞান,

ইতিহাস ও ফরাসি ভাষা-সভ্যতা, আইন ও রাষ্ট্রবিজ্ঞান এবং

অর্থনীতি ও ব্যবস্থাপনা।

আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকা দেখে পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। পিএইচডি প্রার্থীদের গবেষণার বিষয় ও সম্ভাব্য তত্ত্বাবধায়ক সম্পর্কে পরিকল্পনা থাকতে হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারী ফরাসি নাগরিক হতে পারবেন না। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে ফরাসি নাগরিকেরাও অযোগ্য। মাস্টার্স প্রার্থীর জন্ম ৩১ মার্চ ১৯৯৭-এর পরে এবং পিএইচডি প্রার্থীর জন্ম ৩১ মার্চ ১৯৯১-এর পরে হতে হবে। মাস্টার্সের জন্য ফ্রান্সে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। পিএইচডির ক্ষেত্রে বিদেশে অধ্যয়নরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনের সময় অন্য কোনো ফরাসি সরকারি বৃত্তি গ্রহণকারীও যোগ্য নন। একজন প্রার্থীকে একাধিক ফরাসি বিশ্ববিদ্যালয় মনোনয়ন দিতে পারবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য লাগবে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত, বৈধ পাসপোর্ট, অধ্যয়ন পরিকল্পনা, প্রেরণাপত্র, সুপারিশপত্র এবং প্রয়োজনীয় সহায়ক নথি। শিক্ষাগত ফলের র‌্যাঙ্কিংয়ের প্রমাণ থাকলে সেটিও জমা দেওয়া উচিত। পিএইচডি প্রার্থীদের গবেষণার প্রস্তাব ও তত্ত্বাবধানের

পরিকল্পনা দিতে হবে।

আবেদনের পদ্ধতি

প্রথমে বিশ্ববিদ্যালয়ের কোর্স

তালিকা থেকে বিষয় নির্বাচন

করতে হবে। এরপর internationalstudent @univ-corse.fr ঠিকানায় ই-মেইল করে পছন্দের শিক্ষাক্রম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও গবেষণার আগ্রহ জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় যাচাই-বাছাই করে তিন থেকে পাঁচজন প্রার্থীকে ক্যাম্পাস ফ্রান্সে মনোনয়নের জন্য পাঠাবে। তবে মনোনয়ন পেলেই বৃত্তি নিশ্চিত নয়। আবেদনের ওয়েবসাইট: surl. li/rbkyjv

আবেদনের শেষ সময়:২৭ নভেম্বর ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত