বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকে। সেই স্বপ্ন যদি পূরণ হয় একটি ফুল ফ্রি বৃত্তির মাধ্যমে, তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। কিন্তু শুধু ভালো ফল করলেই বৃত্তি মেলে না, প্রয়োজন পরিকল্পনা, ধৈর্য, সঠিক প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ।
ভালো খবর হলো, শুরুটা ঠিকভাবে করতে পারলে স্কলারশিপের পথ অনেকটা সহজ হয়ে যায়।
বৃত্তির লড়াই শুরু হয় নিজের প্রোফাইল দিয়ে। ভালো সিজিপিএ অবশ্যই বাড়তি সুবিধা দেয়। সাধারণভাবে ৪-এর মধ্যে ৩ বা তার বেশি সিজিপিএকে ইতিবাচকভাবে দেখা হয়। তবে ফল কিছুটা কম হলেও হতাশ হওয়ার কারণ নেই। সহশিক্ষা কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজ, নেতৃত্বের অভিজ্ঞতা কিংবা সামাজিক উদ্যোগ—এসব আপনার প্রোফাইলকে আলাদা করে তুলতে পারে। আর মাস্টার্স বা পিএইচডির আবেদন হলে গবেষণার অভিজ্ঞতা সবচেয়ে বড় শক্তি। একটি ভালো কনফারেন্স পেপার বা জার্নাল পাবলিকেশনও আবেদনকে অনেক বেশি প্রতিযোগিতামূলক করে তোলে।
ডেডলাইনের জন্য অপেক্ষা করবেন না। ছয় থেকে নয় মাস আগে প্রস্তুতি শুরু করুন। এই সময়ে পাসপোর্ট নবায়ন, একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ, সত্যায়নসহ সময়সাপেক্ষ কাজগুলো শেষ করে রাখুন। শেষ মুহূর্তের চাপ অনেক সময় ভালো সুযোগও হাতছাড়া করে দেয়।
বিশ্বের অধিকাংশ নামকরা বৃত্তিতে ইংরেজি ভাষার দক্ষতা অপরিহার্য। তাই আইইএলটিএস, টোয়েফল ও ডুওলিঙ্গো পরীক্ষার প্রস্তুতি নিন গুরুত্ব দিয়ে। আইইএলটিএসে অন্তত ৬ দশমিক ৫ স্কোর এবং প্রতিটি ব্যান্ডে ৬ দশমিক শূন্য বা তার বেশি রাখার চেষ্টা করুন। চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে এইচএসকে বা ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট নেওয়া হলেও ভালো আইইএলটিএস স্কোর আবেদনকে আরও শক্তিশালী করে।
স্টেটমেন্ট অব পারপাস বা এসওপি আপনার পরিচয়পত্র। এতে নিজের ভাষায় নিজের গল্প লিখুন। কেন এই বিষয়ে পড়তে চান, ভবিষ্যতে কী করতে চান এবং কেন আপনিই এই বৃত্তির যোগ্য—সহজ, আন্তরিক ও বিশ্বাসযোগ্য ভাষায় তুলে ধরুন। এর পাশাপাশি দুই বা তিনজন শিক্ষকের কাছ থেকে লেটার অব রিকমেন্ডেশন সংগ্রহ করুন। এমন শিক্ষককে বেছে নিন, যিনি আপনার একাডেমিক সামর্থ্য ও সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন।
গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ রাখুন। ইমেইল পাঠানোর আগে অধ্যাপকের গবেষণার ক্ষেত্র ভালোভাবে পড়ুন। এরপর সংক্ষিপ্ত, ভদ্র ও পেশাদার ভাষায় নিজের আগ্রহ জানান। সঙ্গে সিভি এবং প্রয়োজনে গবেষণা প্রস্তাব সংযুক্ত করুন। অনেক সময় একটি ভালো ইমেইল নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।
একটি বৃত্তির ওপর নির্ভর করবেন না। নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী একাধিক বৃত্তির জন্য আবেদন করুন। জার্মানির ডাড, দক্ষিণ কোরিয়ার জিকেএস, ইউরোপের ইরাসমুন্ডাস, জাপানের মেস্কট, যুক্তরাজ্যের চেভেনিংস কিংবা চীনের সিএসসি—এসব জনপ্রিয় বৃত্তির সুযোগ সম্পর্কে নিয়মিত খোঁজ রাখুন।
বৃত্তির পথ সব সময় সহজ হয় না। অনেক আবেদন প্রথমবার সফল হয় না। তাই প্রত্যাখ্যানকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ হিসেবে দেখুন। প্রোফাইলের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করুন। প্রয়োজন হলে নতুন দক্ষতা অর্জন করুন, গবেষণার অভিজ্ঞতা বাড়ান, আবার আবেদন করুন। ধৈর্য, প্রস্তুতি আর নিরবচ্ছিন্ন চেষ্টা—এই তিনের সমন্বয়ই একদিন আপনাকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে। আর সেই একটি সুযোগই খুলে দিতে পারে বিশ্বমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন দরজা।
তথ্যসূত্র: বাইরে পড়ব.কম

জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে সময়োপযোগী ও বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও দ্রুততর করতে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবস্থা...
১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিক অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত এক কর্মকর্তাকে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। সেই স্বপ্নের পথে এবার যুক্ত হচ্ছে নতুন শর্ত। প্রস্তাবিত নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগের তুলনায় বেশি কাগজপত্র জমা দিতে হবে, মানতে হবে নির্ধারিত সময়সীমা। একই সঙ্গে বাড়বে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও।
১ দিন আগে
দেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস। কিন্তু সেই স্বপ্নের পথ খুব সহজ নয়। বিশাল সিলেবাস, কঠিন প্রতিযোগিতা আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে অনেকে শুরুতে দমে যান। অনেকের ধারণা, পড়া মুখস্থ করলেই সফল হওয়া যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
১ দিন আগে