Ajker Patrika

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
আজ বুধবার দুপুরে রাজধানীর লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশকনিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক নির্ধারিত বাসা থেকে ময়লা সংগ্রহের বিল ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

আজ বুধবার দুপুরে রাজধানীর লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশকনিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ জন কর্মী অংশ নেন। তাঁরা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন।

​অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ দাবি করলে আপনারা সিটি করপোরেশনে জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে লাশ দাহ্য বাবদ নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণা দেন প্রশাসক।

সবাইকে সহায়তার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর বাংলাদেশের মুখ। সারা পৃথিবী থেকে মানুষ এলে ঢাকা দেখেই দেশের অবস্থা বোঝা যায়। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘আমরা চাই, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাই সবচেয়ে উন্নত হোক। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে—এটাই আমাদের লক্ষ্য।’

দলের নেতা-কর্মীদের প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও ব্যবসা নেই, কারও ঘরবাড়ি নেই, কেউ পঙ্গু হয়ে গেছেন। তাঁদের বিষয়েও দায়িত্ব নেওয়া প্রয়োজন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের যেমন ভাতা দেওয়া হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।​

​অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌসসহ বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত