
পাকিস্তানের কাছে অলিখিত সেমিফাইনালে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে দারুণ জয়ের পর এবার ফাইনাল খেলার অপেক্ষায় সালমান আলী আগার দল। শিরোপার লড়াইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।
শিরোপার লড়াই নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ফিল্ড আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে। দুবাইয়ে কাল মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে।
এর আগে গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান লড়াইয়ে আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল। সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামলে প্রশংসা কুড়িয়েছেন গাজী সোহেল। ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোয় ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের ওপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা জাগিয়েছিল বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলীরা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের পর কড়া সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রান করতে ব্যর্থ হয় তারা।
এশিয়া কাপ থেকে বিদায় নিলেও দুবাইয়েই আছে বাংলাদেশ দল। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। তার আগে আপাতত দর্শক হয়ে ভারত–পাকিস্তান ফাইনাল উপভোগ করবে বাংলাদেশের ক্রিকেটাররা।
আরও খবর পড়ুন:

ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
২০ মিনিট আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
১ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
২ ঘণ্টা আগে