Ajker Patrika

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে
প্রদর্শক সমিতির সভায় প্রযোজক শিরিন সুলতানা ও সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। ছবি: সংগৃহীত

হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি। সভায় উপস্থিত ছিলেন প্রিন্সের প্রযোজক শিরিন সুলতানা। সেই সভায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, হলমালিকদের ক্ষতির দায় প্রযোজককে নিতে হবে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

ক্ষতির দায় প্রযোজককে নিতে হবে

সার্ভার সমস্যার কারণে ঈদের দিন ৫০টির বেশি হলে টিকিট বিক্রির পরেও প্রিন্স চালাতে পারেননি হলমালিকেরা। ক্ষিপ্ত হয়ে অনেক হলে ভাঙচুর করে দর্শক। অনেক হলমালিক পথে বসে গেছেন বলেও জানানো হয়। প্রদর্শক সমিতির পক্ষ থেকে সভাপতি উজ্জ্বল বলেন, ‘হলমালিকদের যে ক্ষতি হয়েছে, তার প্রতিকার প্রযোজককেই করতে হবে। তবে প্রদর্শক সমিতি প্রযোজকের পাশে আছে। তিনি হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে সেটা তাঁকেই পরিষ্কার করতে হবে। কেন এই সমস্যা হলো—তা জানাতে হবে। পরিবেশকের সমস্যা, নাকি অন্য কারও সমস্যা, সেটা স্পষ্ট করতে হবে। যদি হলমালিকদের সমস্যা থাকে সেটাও জানান। কিন্তু সঠিক কারণ জানাতে হবে। সে হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শাকিব খানের দায় আছে

প্রিন্সের এই ব্যর্থতার জন্য শাকিব খানের দায় আছে বলে মনে করেন আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। একটি সিনেমার শুটিং যদি ঈদের আগের দিন হয় তাহলে সুপারস্টারের সিনেমা কীভাবে দেশের মানুষ দেখবে। প্রিন্স নিয়ে শাকিব খান নিজের ভুল স্বীকার না করলে তাঁর বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হতো। তিনি যেহেতু সবচেয়ে বেশি টাকা নিয়ে যান, তাঁর উচিত সবার আগে সিনেমাটি পরীক্ষা-নিরীক্ষা করা। তা না হলে সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই।’

সরকারি তত্ত্বাবধানে থাকবে সার্ভার

প্রদর্শক সমিতি মনে করে, সরকারিভাবে সিনেমার সার্ভার পরিচালনা করলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা হবে না। উজ্জ্বল বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাই, সিনেমার সার্ভার সিস্টেম কোনো ব্যক্তির কাছে না দিয়ে এফডিসির অধীনে রাখা হোক। এই প্রক্রিয়াটা যেন সরকারিভাবে পরিচালনা করা হয়। তাহলে আজ যে সমস্যাটা তৈরি হয়েছে তা ভবিষ্যতে হবে না।’

১৫ দিন আগে সেন্সরে সিনেমা জমা

ঈদে মুক্তি দিতে চাইলে কমপক্ষে ১৫ দিন আগে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমা জমা দেওয়ার নিয়ম চালু করার দাবি জানানো হয় সভায়। উজ্জ্বল বলেন, ‘কমপক্ষে ঈদের ১৫ দিন আগে সিনেমা সেন্সরে জমা দিতে হবে। এরপর হলমালিকেরা পরীক্ষা-নিরীক্ষা করে বাছাই করবেন তাঁর হলে কোন সিনেমা চালাবেন। তাহলে প্রচারের যথেষ্ট সময় পাওয়া যাবে।’

সার্টিফিকেশন বোর্ডের নোটিশ

গত ৩১ মার্চ প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমার জীবনের এটা প্রথম কোনো সিনেমা, যেটার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গানের শুটিং ঈদের আগেই করেছি। এ ছাড়া পরী গানের শুটিং এক দিনে শেষ করেছি।’ ফলে প্রশ্ন উঠেছে, এমন অসম্পূর্ণ সিনেমা সার্টিফিকেট পেল কীভাবে। এ বিষয়ে ‘কেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না’ মর্মে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেন, ‘এমন ঘটনায় আমরা বিব্রত। আমরা নোটিশে সাইন করেছি, প্রযোজককে পাঠাব। দেখি তাঁরা কী জবাব দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত