Ajker Patrika

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে (বাঁ থেকে) পরিচালক আবু হায়াত মাহমুদ, অভিনয়শিল্পী জ্যোতির্ময়ী কুণ্ডু, শাকিব খান, তাসনিয়া ফারিণ ও প্রযোজক শিরিন সুলতানা। ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।

সমস্যা ছিল আরও। কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রিন্স নিয়ে সব অভিযোগ মেনে নিয়ে টিমের পক্ষ থেকে ক্ষমা চাইলেন শাকিব খান। জানালেন সময়স্বল্পতার কারণেই এ ধরনের ঝামেলা হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে আয়োজন করা হয় প্রিন্সের বিশেষ প্রদর্শনীর। সিনেমার নির্মাতা ও অন্য কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে এসব সমালোচনা নিয়ে কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, ‘আমি মানছি প্রিন্স টিম একটি পরিপূর্ণ সিনেমা দিতে পারেনি। কিন্তু বিশ্বাস করেন চেষ্টার কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেঁসেছি পারমিশন জটিলতায়। সেখানে তিন মাস চলে গেছে। শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরেও সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন সিনেমাটি কীভাবে কতটা পারফেক্টলি দেওয়া যায়। আমি আমার টিমের পক্ষ থেকে সরি বলছি।’

প্রিন্স যখন মুক্তি পেয়েছে সে সময় মালয়েশিয়াতে ‘রকস্টার’ নামের নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব। শুটিংয়ে থাকলেও প্রিন্সের খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। নেতিবাচক রিভিউয়ের পরেও সিনেমা দেখতে আসায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান শাকিব। তিনি বলেন, ‘রকস্টার সিনেমার শুটিং করার সময় প্রিন্সের রিভিউ দেখছিলাম। প্রথম দিকে মাল্টিপ্লেক্সে ছিলাম না। চার দিন পর এসে ২২টি শো পেয়েছি আমরা। এত খারাপ রিভিউ পাওয়ার পরে তো দুইটা শো পাওয়ার কথা ছিল। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষ এত বাজে রিভিউ দেখার পরেও হলে আসছে, সিনেমা দেখছে। এটি দেখে মাথা নত হয়ে যায়।’

প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদকে নিয়েও চলছে সমালোচনা। তবে শাকিব মনে করেন, সময়ের অভাবেই নির্মাতা সঠিকভাবে সিনেমা বানাতে পারেননি। কারণ, ঈদে মুক্তি দেওয়ার প্রেশার ছিল তাঁর ওপর। শাকিব বলেন, ‘প্রিন্সের গল্প ও পরিকল্পনা যখন শুনেছি তখন আমার মনে হয়েছে এটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। সময়স্বল্পতার কারণে সেটা করতে পারিনি। এটা আমার প্রথম কোনো সিনেমা যেটার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত। ফারিণের সঙ্গে যখন গান শুটিং করেছি তখন ঈদের বাকি এক দিন। জ্যোতির্ময়ীর সঙ্গে যখন পরী গানের শুটিং করছি, তখন বলা হলো এক শিফটে গান শেষ করতে হবে। আরেক নায়িকার তো শুটিংই হয়নি। কারণটা কী? সময় নেই। রিলিজ তো করতে হবে।’

ভবিষ্যতে যেন এমনটা না হয় সেদিকে খেয়াল রাখবেন জানিয়ে শাকিব বলেন, ‘পরবর্তী সিনেমার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক খেয়াল রাখব। প্ল্যান এ-এর সঙ্গে যেন প্ল্যান বি-ও রাখা হয়। প্রথমটা না হলে যেন দ্বিতীয় প্ল্যান অনুযায়ী কাজটা করা যায়। এটা নির্মাতাদেরও বলব।’

তবে প্রিন্স নিয়ে সমালোচনার কারণে ভেঙে পড়তে রাজি নন শাকিব খান। তিনি বলেন, ‘একটু-আধটু ধাক্কা থেকে বড় ডিজাস্টার হওয়ার কিছু নেই। ছোটখাটো ভুল মানুষের জীবনে আসে। যেটা মানুষকে আরও সামনে নিয়ে যায়। মানুষকে চিন্তা করাতে শেখায়—আমাকে ভুল শুধরে আরও ভালো কিছু করতে হবে। কোভিডের পর “প্রিয়তমা” থেকে নতুন কিছু শুরু হয়েছে। আমি এটুকু বলতে পারি, প্রিন্সের পর থেকে নতুন আরেক অধ্যায় শুরু হয়েছে।’

এদিন শাকিবের সঙ্গে ছিলেন প্রিন্সের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমার প্রচারে ঢাকার বিভিন্ন হলে পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ীকে দেখা গেলেও আড়ালে ছিলেন ফারিণ। সোশ্যাল মিডিয়াতেও তেমন প্রচার করেননি তিনি। গুঞ্জন আছে, চিত্রনাট্যে থাকলেও তাঁর অনেক দৃশ্য শুট না হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি তিনি। অভিমান ভুলে বিশেষ প্রদর্শনীতে আসেন অভিনেত্রী। জানান, প্রিন্স নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি তাঁর। ফারিণ বলেন, ‘প্রিন্স নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। সময় বা সবকিছু মিলিয়ে হয়তো প্রত্যাশা পূরণ হয়নি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। ভবিষ্যতে যখন ভালো সুযোগ পাব, আরও ভালো কাজ করার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

অর্থ পাচারের যে ১১ মামলায় অগ্রাধিকার সরকারের

স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে যুবকের অনশন

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে সবকিছুর দাম বাড়ছে: সিনেটর ক্রিস কুন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত