
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের ওপর নির্ভরশীলতা কমবে।
গতকাল শুক্রবার কোল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর ক্রেতারা কেবল ভারতীয় ট্রেডারদের মাধ্যমেই এই সংস্থার কয়লা সংগ্রহ করতে পারতেন। এখন থেকে ‘সিঙ্গেল উইন্ডো মোড অ্যাগনস্টিক’ (এসডব্লিউএমএ) ই-নিলাম প্রক্রিয়ায় তারা সরাসরি অংশ নিতে পারবেন। কোল ইন্ডিয়ার বোর্ড সম্প্রতি এই প্রকল্পের নিয়মে প্রয়োজনীয় সংশোধন এনেছে।
সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিদেশি ক্রেতাদের জন্য এই নিলাম উন্মুক্ত করার মাধ্যমে কোল ইন্ডিয়া বিশ্ববাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চাইছে। এতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।’
নতুন কাঠামো অনুযায়ী, বিদেশি ক্রেতাদের জন্য এককালীন রেজিস্ট্রেশন, ডিজিটাল বিডিং এবং অগ্রিম ইলেকট্রনিক পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (এফইএমএ) অনুযায়ী।
এই আইন অনুযায়ী, নেপাল ভারতীয় রুপি অথবা মার্কিন ডলারে পেমেন্ট করতে পারবে। আর বাংলাদেশ ও ভুটান অর্থ পরিশোধ করবে মার্কিন ডলারে (মূল্যমান রুপিতে নির্ধারিত হবে)।
কোল ইন্ডিয়া চলতি অর্থবছরে ৯০০ মিলিয়ন টন কয়লা সরবরাহের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। তবে অর্থবছরের প্রথম নয় মাসে সংস্থার সরবরাহ গত বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমে ৫৪৪ দশমিক ৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। এই ঘাটতি পূরণ এবং উদ্বৃত্ত কয়লার সঠিক ব্যবহারের জন্য বিদেশি বাজার সম্প্রসারণের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে কোল ইন্ডিয়ার শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। শুক্রবার লেনদেনের শেষে কোম্পানিটির শেয়ারের দাম ৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৪২৭ দশমিক ৯০ রুপিতে দাঁড়িয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
স্বচ্ছতা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার জ্বালানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সূত্র: পিটিআই ও কোল ইন্ডিয়া বিজ্ঞপ্তি

আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
১ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
২ দিন আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে