
মাসের পর মাস টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে ভারত। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে তেল, প্রতিরক্ষা সরঞ্জাম ও উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে দেশটি। একই সঙ্গে দেশটির কঠোরভাবে সুরক্ষিত কৃষি খাত আংশিকভাবে উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে—এমনটাই জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং বাণিজ্য প্রতিবন্ধকতা কমাবে।
ট্রাম্প জানান, এই চুক্তির ফলে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য কিনতে সম্মত হয়েছে। এতে জ্বালানি, কয়লা, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে মোট কেনাকাটার পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, চুক্তির অংশ হিসেবে ভারত টেলিযোগাযোগ, ওষুধসহ বিভিন্ন মার্কিন পণ্য কেনার বিষয়ে সম্মত হয়েছে এবং কিছু কৃষিপণ্যের জন্য বাজারে প্রবেশাধিকার দিয়েছে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তির আওতায় নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের জন্য বাজার উন্মুক্ত করার প্রস্তাব দেয় ভারত।
ওই কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটনের তাৎক্ষণিক দাবিগুলো মেনে নিয়ে চুক্তির প্রথম ধাপ দ্রুত শেষ করতে আমদানি করা গাড়ির ওপর শুল্কও কমিয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ে ই-মেইল পাঠালেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ৪৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
রয়টার্সকে ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের পণ্য কেনার প্রতিশ্রুতি ওষুধ, টেলিযোগাযোগ, প্রতিরক্ষা, তেল ও উড়োজাহাজ খাতকে অন্তর্ভুক্ত করে। এটি কয়েক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আরও বিস্তৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।
চুক্তিতে বাজারে ইতিবাচক প্রভাব
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য চুক্তির ঘোষণা বিশ্বব্যাপী অনিশ্চয়তা অনেকটাই কমিয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের অর্থনৈতিকবিষয়ক সচিব অনুরাধা ঠাকুর বলেন, এই ঘোষণায় বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ প্রায় ৩ শতাংশ বেড়েছে এবং রুপি ১ শতাংশের বেশি শক্তিশালী হয়ে ডলারের বিপরীতে ৯০ দশমিক ৪০-এ লেনদেন হয়েছে।
সরকারি কর্মকর্তা জানান, ভারতের জন্য প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কহার এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম। ভারতের রপ্তানিকারকদের মার্কিন ক্রেতাদের সঙ্গে বার্ষিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যে এই চুক্তি হলো।
এশীয় দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কহার ১৯ শতাংশ আর ভিয়েতনাম ও বাংলাদেশের ক্ষেত্রে তা ২০ শতাংশ।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বলেন, কম শুল্ক শুধু মূল্যের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াবে না, বরং ভারতীয় রপ্তানিকারকদের যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলে আরও গভীরভাবে যুক্ত হতে সহায়তা করবে।
মুডিস রেটিংস আজ এক বিবৃতিতে জানায়, অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো হলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি নতুন করে গতি পাবে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
৮ ঘণ্টা আগে
সেবার পরিধি সম্প্রসারণ ও টেকসই ব্যবসা প্রবৃদ্ধির লক্ষ্য সামনে রেখে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৬ কক্সবাজারের সি পার্ল বীচ রিসোর্টে সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
৯ ঘণ্টা আগে
লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
১০ ঘণ্টা আগে
দেশের বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৬ সালে বেসরকারি খাতে ইপিজেড স্থাপনের সুযোগ দিয়ে তৎকালীন সরকার ওই আইনটি প্রণয়ন করেছিল। বর্তমান প্রেক্ষাপটে আইনটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে এটি রহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে