টানা পঞ্চমবার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন করল ইউএস-বাংলা

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসকে দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল-বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ সালসহ ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছিল দেশের অন্যতম সেরা এই বিমান সংস্থা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনসের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা ।
ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলাম ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
৮ নভেম্বর (রোববার) ক্রাউন প্লাজা এয়ারপোর্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউট স্ট্যান্ডিং কানেকটিভিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬-এর পুরস্কার পরবর্তীকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন—‘ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইনস উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’









