Ajker Patrika

আবুধাবিতে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির মতবিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­
আবুধাবিতে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির মতবিনিময়
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের দাবিতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) ইউএই নবগঠিত কমিটির নেতারা আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসীদের বর্তমান দুরবস্থা, ভিসা সংক্রান্ত জটিলতা, দেশে ছুটি কাটিয়ে ইউএইতে ফিরতে না পারা এবং বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন সাংবাদিকেরা। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, সম্প্রতি বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হওয়া ভিসার কারণে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে না পারা প্রবাসীদের একটি তালিকা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতার কারণগুলো ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সংকট নিরসনে বাংলাদেশ দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।

মতবিনিময় সভায় দূতাবাসের লেবার কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান এবং কাউন্সেলর (রাজনৈতিক) তৌহিদ ইমাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল হক, সহসভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সহসাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ জাকারিয়া, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন।

সভায় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত