
শেয়ারবাজারে অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত নভেম্বর মাসে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এনফোর্সমেন্ট বিভাগের চারটি পৃথক আদেশে এ দণ্ড আরোপ করা হয়।
বিএসইসির তথ্যমতে, দণ্ডিত ব্যক্তি হলেন আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার। তাঁর বিরুদ্ধে ৫ কোটি টাকা জরিমানা নির্ধারণ করেছে কমিশন। দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বাজারে আইন লঙ্ঘন বা কারসাজির কোনো সুযোগ আমরা দিচ্ছি না। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, লেনদেন বিশ্লেষণ এবং ডিজিটাল মনিটরিং সিস্টেমের ভিত্তিতে এসব তদন্ত চালানো হয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়। নিয়ম ভাঙলে ব্যক্তি বা প্রতিষ্ঠান—যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারকে স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব রাখতে এ কঠোরতা অব্যাহত থাকবে।’
বিএসইসি জানায়, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেনে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তাদের কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২২ এবং বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ১৮ লঙ্ঘন করেছে। এ কারণে কমিশন আইনানুগ ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেছে।
বিএসইসির আদেশে বলা হয়, ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ কমিশনের অনুকূলে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি।

বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
৩ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১২ ঘণ্টা আগে