
এপ্রিল মাসে কমেছে অর্থনীতির গতি। দেশের অর্থনীতির প্রধান চারটি খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান এপ্রিল মাসে ৮ দশমিক ৮ পয়েন্ট কমেছে। এই মান ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে, যা গত অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬১ দশমিক ৯।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এক বছর ধরে যৌথভাবে এই পিএমআই সূচক প্রণয়ন করছে। আজ বৃহস্পতিবার এই সূচক প্রকাশ করা হয়।
পিএমআই সূচক ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। মান ৫০ থাকলে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি বুঝতে হবে। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের জেরে পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছিল। আগস্টে তা কিছুটা বেড়ে ৪৯ দশমিক ৭ পয়েন্ট হয়। অক্টোবর মাসে তা ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠে আসে। এরপর থেকে অর্থনীতি সম্প্রসারণের ধারায় আছে।
এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাতই সম্প্রসারিত হয়েছে, যদিও সম্প্রসারণের গতি কমেছে। কৃষি খাতে সপ্তম মাসের মতো, উৎপাদন খাত টানা আট মাস, নির্মাণ খাত টানা পাঁচ মাস ও পরিষেবা খাত সাত মাস ধরে সম্প্রসারণ হয়েছে। প্রধান চারটি খাতের ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে, উৎপাদন ও নির্মাণ সূচকের উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা থাকলেও কৃষি খাতের সম্প্রসারণ হবে ধীরগতিতে।
এই প্রতিবেদন সম্পর্কে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, সম্প্রতি পিএমআই থেকে বোঝা যায়, অর্থনীতির প্রধান খাতগুলোর সম্প্রসারণ অব্যাহত আছে, যদিও গতি কিছুটা কমেছে। এপ্রিল মাসের পিএমআই অক্টোবর মাসে সম্প্রসারণ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। দীর্ঘ ছুটির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, পোশাক খাতে ট্রাম্পের শুল্কের প্রাথমিক প্রভাব ও জ্বালানি সরবরাহ সমস্যা সম্ভবত এই ধীরগতির কারণ।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৫ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৫ ঘণ্টা আগে