
দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে চালু হওয়া এজেন্ট ব্যাংকিং এখন সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ঘরের কাছেই লেনদেন, সঞ্চয় ও ঋণসুবিধা পাওয়ায় এ সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে দ্রুত। ফলে গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা বেড়েছে সাড়ে ১৭ লাখের বেশি। একই সময়ে আমানত ও ঋণ বিতরণে দেখা গেছে শক্তিশালী প্রবৃদ্ধি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৩০। ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১-তে। অর্থাৎ এক বছরে নতুন গ্রাহক যুক্ত হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৭৫১ জন, প্রবৃদ্ধি ৭ দশমিক ২৯ শতাংশ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সহজ প্রাপ্যতা ও দ্রুত সেবাই এজেন্ট ব্যাংকিং জনপ্রিয় হওয়ার মূল কারণ। গ্রাহকদের আর জেলা বা উপজেলা শহরে গিয়ে ব্যাংকের শাখায় লাইনে দাঁড়াতে হচ্ছে না। স্থানীয় এজেন্ট পয়েন্ট থেকেই জমা, উত্তোলন, বিল পরিশোধ ও বিভিন্ন ধরনের ঋণসেবা মিলছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গেছে। ২০২৪ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ঋণ বিতরণ ছিল ২৪ হাজার ২৮ কোটি টাকা। এক বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৩ কোটি টাকায়। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১০ হাজার ৯৯৪ কোটি টাকা, প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৭৬ শতাংশ।
এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরফান আলী বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের লক্ষ্য ছিল গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিংসেবার আওতায় আনা। কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রবাহ বাড়াতেও এটি কার্যকর ভূমিকা রাখছে। তাঁর মতে, সঠিক তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এ খাত আরও শক্ত ভিত্তি পাবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানত সংগ্রহেও ধারাবাহিক উত্থান হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত ছিল ৪১ হাজার ৯৫৫ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ৭ হাজার ৭৬৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৫১ শতাংশ।
তবে প্রবৃদ্ধির বিপরীতে এজেন্ট ও আউটলেটের সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালের ডিসেম্বরে এজেন্ট সংখ্যা ছিল ১৬ হাজার ২১। ২০২৫ সালের ডিসেম্বরে হয়েছে ১৫ হাজার ৩২৭। এক বছরে এজেন্ট কমেছে ৬৯৪ জন। আর ২০২৪ সালের ডিসেম্বরে আউটলেট ছিল ২১ হাজার ২৪৮টি। ২০২৫ সালের ডিসেম্বরে হয়েছে ২০ হাজার ৫০১টি। এক বছরে আউটলেট কমেছে ৭৪৭টি। তবে সেবাদাতা ব্যাংকের সংখ্যা ৩১টি অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই সেবার মূল লক্ষ্যই ছিল ব্যাংক থেকে দূরে থাকা মানুষের কাছে পৌঁছানো, তা এখন সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।

ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
২১ মিনিট আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
১ ঘণ্টা আগে
বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম নিয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৬ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। ঢাকায় সার্ক কালচারাল ফোরামের অনুষ্ঠানে তাঁকে পুরস্কার দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
৮ ঘণ্টা আগে