
গত কোরবানির ঈদে ঢাকার হেমায়েতপুরের ট্যানারিগুলো যে চামড়া সংগ্রহ করেছে, তার ৯৮ শতাংশেই ছিল দাগ, আর ৬৮ শতাংশে ছিল ছোট-বড় কাটা। এমনকি ১৮ শতাংশ চামড়া পচে গেছে সম্পূর্ণভাবে। চামড়ার গুণগত মানহীনতার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণায়, যা দেশের চামড়াশিল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার জন্ম দিচ্ছে।
‘বাংলাদেশের চামড়া সরবরাহ শৃঙ্খল: কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ’ শীর্ষক গবেষণা ফলাফল গত সোমবার রাতে ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে সিপিডি। আয়োজনে সহায়তা করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান লেদার বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
গবেষণা অনুযায়ী, ঢাকাসহ পাঁচ জেলায় পরিচালিত জরিপে দেখা যায়, কোরবানির সময় জবাই করা পশুর ২৩ শতাংশ চামড়া গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮ শতাংশ পচে গেছে। দেরিতে লবণ দেওয়ায় এমনটি হয়েছে বলে উল্লেখ করা হয়। অথচ সরকার ঈদ উপলক্ষে ২০ কোটি টাকামূল্যের প্রায় ১১ হাজার ৫৭১ টন লবণ এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সরবরাহ করেছিল, যা সময়মতো ব্যবহৃত হয়নি।
চামড়ার মানহীনতার বড় একটি কারণ হিসেবে উঠে এসেছে অদক্ষ কসাই ও অনুপযুক্ত স্থান ব্যবহারের জন্য। জরিপে দেখা যায়, ৫২ শতাংশ গরু জবাই করা হয়েছে রাস্তায়, ২৬ শতাংশ খোলা মাঠে, ৮.৫ শতাংশ বাড়ির পরিত্যক্ত জায়গায় এবং ৯ শতাংশ বাগানে। স্লটারহাউস ও সরকারনির্ধারিত স্থানে জবাই করা হয়েছে মাত্র ৪.৮ শতাংশ। ঢাকায় প্রায় ২০ লাখ গরু কোরবানি হলেও প্রশিক্ষিত কসাই ছিলেন মাত্র ১১ হাজার ৬০০ জন। এ সংকটের কারণেই পশু জবাই করার সময় চামড়া কাটা পড়ে, ছিঁড়ে যায় কিংবা গঠনগত ক্ষতি হয়, যা চামড়াকে করে তোলে অকেজো।
চামড়া সংরক্ষণের চিত্র আরও হতাশাজনক। কোরবানিদাতাদের ৪৬ শতাংশ পশু জবাইয়ের পর চামড়া খোলা স্থানে ফেলে রেখেছিলেন। মাদ্রাসা ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে যথাক্রমে ৩৬ ও ১৪ শতাংশ চামড়া দীর্ঘ সময় খোলা জায়গায় রাখেন। এতে বৃষ্টি, তাপপ্রবাহ ও জীবাণুর কারণে চামড়ার ব্যাপক ক্ষতি হয়। চামড়ায় তখন আর শিল্পকার্য উপযোগী মান থাকে না।
গবেষণায় উঠে আসে, কোরবানিদাতাদের কেউ নিজের হাতে চামড়ায় লবণ দেননি। ৮৩ শতাংশ মৌসুমি ব্যবসায়ী এবং ৩৭ শতাংশ মাদ্রাসা চামড়া লবণ না দিয়ে বিক্রি করেছে। অথচ চামড়ায় সময়মতো লবণ প্রয়োগই মান ধরে রাখার সবচেয়ে সহজ উপায়।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, লবণযুক্ত ও লবণবিহীন—উভয় ধরনের দাম নির্ধারণ করা হলে মানুষ চামড়ায় লবণ দেওয়ায় উৎসাহিত হবে। পাশাপাশি কাঁচা চামড়া রপ্তানির সুযোগ অব্যাহত রাখা, চামড়া শিল্পনগরীতে বিদেশিদের বিনিয়োগের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
জরিপে দেখা যায়, ৮২ শতাংশ পশু কোরবানি হয়েছে মাদ্রাসা ও মসজিদের প্রতিনিধিদের মাধ্যমে, যাঁদের অধিকাংশই প্রশিক্ষণহীন। কোরবানিদাতারা নিজেরাই জবাই করেছেন ১৩ শতাংশের বেশি পশু। কেবল ৪.৮ শতাংশ পশুই জবাই হয়েছে পেশাদার কসাইয়ের মাধ্যমে। ফলে চামড়ার মানের অবনতির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অবহেলা ও অযোগ্যতা।

সিমের ওপর কর তুলে দেওয়ার ফলে মূলত মোবাইল অপারেটরদের লাভ বাড়বে। তবে সাধারণ গ্রাহকেরা সরাসরি কোনো আর্থিক সুবিধা পাবেন না। এটি প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়ার সরকারের বৃহত্তর নীতির সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ...
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়।
৫ ঘণ্টা আগে
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, এ লক্ষ্যে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও তথ্য চেয়েছে সংস্থাটি।
৬ ঘণ্টা আগে
ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি ১৫ জুলাই থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পোশাক ক্রেতারা তিরুপ্পুর থেকে ক্রয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশ থেকে সংগ্রহ করা কিছু ক্রেতাও ভারতের দিকে ঝুঁকছেন বলে দাবি করেছে ভারতীয় রপ্তানি খাত।
১২ ঘণ্টা আগে