
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে নজিরবিহীন বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনী পাহারায় বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। অন্যদিকে চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় সকল কর্মীর পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় নির্বাহী পরিচালক আনোয়ারুল আলম, রেজাউল করিম, রিপন কুমার দেবনাথসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘আমরা উনাদের (পুরো কমিশনের) পদত্যাগ চাচ্ছি। উনাদের পরিবর্তে যোগ্য লোক চাই। পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতিতে যাব আমরা।’
বুধবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিএসইসি ভবনের ৪ তলায় জড়ো হয়ে পুরো বিএসইসি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। বিএসইসির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় পুলিশ এসেও প্রবেশ করতে পারেনি। পরে দুপুর ২টার দিকে ছয় গাড়ি সেনাবাহিনী আসে। তাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা জোরপূর্বক প্রবেশ করেন।
এর আগে বিএসইসির বোর্ড রুমে চেয়ারম্যান ও কমিশনারদেরকে বিভিন্ন ইস্যুতে ব্যাখ্যা চায় কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় চেয়ারম্যানকে ডিম ও পানির বোতল ছুড়ে মারেন কর্মচারীরা। পরে পদত্যাগ ছাড়াই সেনাবাহিনীর পাহারায় বিকেল ৩টা ৩৬ মিনিটে বিএসইসি ত্যাগ করেন চেয়ারম্যান ও কমিশনাররা। যাদেরকে আগামীকাল থেকে কমিশনে প্রবেশ করতে দেবেন না বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তাদের পক্ষ থেকে পরে ৪টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—জরুরি সভা ডেকে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার, তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের শোকজ বন্ধ করা এবং পূর্বে প্রদত্ত শোকজ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া, ১২৭ জনের নিয়োগের ব্যাপারে কমিশন বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং ৩ দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান পরিষ্কার করা, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অশোভন-অপেশাদারমূলক দুর্ব্যবহার বন্ধ করা।
কর্মকর্তারা জানান, বর্তমান চেয়ারম্যানসহ কমিশনাররা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিভিন্ন তদন্তকাজে হুমকির মুখে পড়লে কোনো ধরনের সহায়তা করেন না। এ জন্যই তাঁরা বর্তমান কমিশনের সদস্যদের পদত্যাগ চান।
মূলত ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারির পর থেকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মঙ্গলবার (৪ মার্চ) জারি করা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে উল্লেখ রয়েছে, যেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু কমিশন জনস্বার্থে তাকে চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ এর ৬৩ বিধি এবং তৎসংশ্লিষ্ট সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে ৪ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯৪৫ তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরি হতে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।
এর আগে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নিয়েই গত বছরের ২২ আগস্ট সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেয়। তখনই মূলত তাকে এক প্রকার ওএসডি করা হয়। তবে, ৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই থেকে সাইফুর রহমান নিয়মিত অফিসে এসেছেন, কিন্তু কোনো কাজ করতে পারেননি।

দেশের সামাজিক নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের লক্ষ্যভ্রষ্টতা দেখা দিয়েছে। যাঁদের জন্য কর্মসূচিগুলো, সেই দরিদ্র জনগোষ্ঠীর বড় অংশ সুবিধার বাইরে; বিপরীতে সুবিধা পাওয়া মানুষের বড় অংশ দরিদ্র বা ঝুঁকিপূর্ণ নন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক মূল্যায়ন প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের আমদানি পরিকল্পনায় কিছুটা আস্থা ফিরলেও এর প্রতিফলন এখনো প্রকৃত আমদানিতে দেখা যাচ্ছে না। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে ৭ দশমিক ০৬ শতাংশ। বিপরীতে এলসি নিষ্পত্তির মাধ্যমে পরিমাপ করা প্রকৃত আমদানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ০৯ শতাংশ।
২ ঘণ্টা আগে
গ্যাস-সংকটের কারণে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোয় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় অনেক কারখানাকে বয়লার ও জেনারেটর সচল রাখতে ডিজেলসহ অন্য বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি কমছে উৎপাদনের পরিমাণ।
৪ ঘণ্টা আগে
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। এর ফলে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে পারবে। বাংলালিংক ‘মুক্ত পে’ ব্র্যান্ডের অধীনে তাদের ডিজিটাল পেমেন্ট সেবা চালু করবে।
৮ ঘণ্টা আগে