Ajker Patrika

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে দিনব্যাপী আগামীর বর্ণিল আয়োজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে দিনব্যাপী আগামীর বর্ণিল আয়োজন
ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘আগামী ফেস্ট ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজন। ছবি: আজকের পত্রিকা

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী ফেস্ট ২০২৬’। আজ শনিবার ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে আয়োজিত উৎসবের প্রতিপাদ্য ছিল ‘সব শিশুদের জন্য শিক্ষা’।

আগামী আয়োজিত এ উৎসবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘আগামী’ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের অংশগ্রহণে ছিল গান, পুঁথিপাঠ, নাচ, চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান ও গণিত মেলা।

বিজ্ঞান ও গণিত মেলায় শিক্ষার্থীরা ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা প্রকল্প ও শিল্পকর্ম মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক নেহরীন মাজেদ এবং আগামী ইনকরপোরেটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আমিনুল ইসলাম।

বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবরসায়ন ও আনবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. বজলুর রশীদ খান, যিনি চিত্রশিল্পী রশীদ আমিন নামেও পরিচিত। আরও উপস্থিত ছিলেন স্থপতি ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’-এর সহপ্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েকসহ অনেকে।

ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘আগামী ফেস্ট ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজন। ছবি: আজকের পত্রিকা
ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘আগামী ফেস্ট ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজন। ছবি: আজকের পত্রিকা

আগামী এডুকেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম উৎসবে ‘আগামী’ ম্যাগাজিনের প্রকাশনা উদ্বোধন করেন। ম্যাগাজিনটিতে সংস্থাটির পথচলা, কার্যক্রম, অর্জন এবং শিশু ও স্কুলগুলোর সঙ্গে প্রতিষ্ঠানের কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে কাজ করছে আগামী। ‘আগামী ফেস্ট’-এর মাধ্যমে শিশুদের শুধু দর্শক হিসেবে নয়, উৎসবের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেও তুলে ধরা হয়েছে।

শিশুদের প্রসঙ্গে আগামী বলেছে, ‘আমাদের সঙ্গে যুক্ত অনেক শিশু সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসে। কিন্তু সুযোগ পেলে তাদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাও সমানভাবে বিকশিত হতে পারে। এই উৎসবের মাধ্যমে আমরা তাদের সেই সুযোগ করে দিতে চাই এবং তাদের অর্জন ও প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চাই।’

অধ্যাপক জেবা ইসলাম সিরাজ বলেন, ‘আমাদের অনেক শিশু আছে, যারা সমাজের সুবিধা থেকে বঞ্চিত। তাদের কেউ কেউ খুবই মেধাবী। তাদের মেধার বিকাশের জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।’

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন বলেন, ‘শিশুদের সৃজনশীলতার বিকাশের জন্য এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী শিশুদের নিয়ে যে কাজটি করে যাচ্ছে, এটি আসলে আমাদের সবার দায়িত্বই তারা পালন করছেন।’ অনুষ্ঠানে তিনি গানও পরিবেশন করেন।

নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানা বলেন, ‘শিশুরা কত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।’ পরে শিশুদের সঙ্গে গান পরিবেশন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত