এমএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে এ খাতের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করতে ‘জাতীয় এমএসএমই নীতিমালা ২০২৬ ’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকেও জাতীয় উৎপাদনব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের (ভ্যালু চেইন) সঙ্গে যুক্ত করার নীতি গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের জন্য পণ্য উৎপাদনে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা জরুরি।’
তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি এবং সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
ইতালির শিল্প ক্লাস্টার মডেলের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ এবং ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় বিকশিত করা হচ্ছে।
স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের মানোন্নয়নে এসএমই ফাউন্ডেশন ‘ন্যাশনাল ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসব পণ্যের আধুনিক ডিজাইন ও প্যাকেজিংয়ের মাধ্যমে বিশ্ববাজারে প্রবেশ করানো গেলে আগামী পাঁচ বছরে এ খাতে অন্তত ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই ও ট্রেডমার্ক নিবন্ধনে সহায়তা এবং আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এমএসএমই খাতের জন্য বিশেষ কর সুবিধা বা ‘প্রেফারেনশিয়াল ট্যাক্স রেজিম’ (পিটিআর) প্রবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতে ঋণের সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনা হয়েছে এবং ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ঋণসুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রয়োজনে এসএমই ফাউন্ডেশনের তহবিল বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচক বলে তিনি জানান।
এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীরা বুটিক, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের অর্থায়ন, প্রশিক্ষণ ও বিপণনের বাধা দূর করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।’
নতুন উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই-সৃষ্টি’ কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে মোট ২৫ হাজার ৬০০ জন নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ধরতে সরকার আন্তর্জাতিক এসএমই ফেয়ার আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।









