
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করতে স্বাধীন কমিশন গঠনে কোনো অগ্রগতি নেই। এই কমিশন গঠন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের জবাব সাত মাস পেরিয়ে গেলেও কোনো পক্ষই তা দেয়নি।
বঙ্গবন্ধু হত্যা মামলায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও এখনো পলাতক পাঁচ খুনি। তাদের মধ্যে দুজনের অবস্থানের বিষয়ে সরকারের কাছে তথ্য থাকলেও বাকি তিনজনের নেই। পলাতক খুনিদের সম্পর্কে কেউ তথ্য দিলে সরকার পুরস্কার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে বিপথগামী একদল সেনাসদস্য। ওই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ইনডেমনিটি অধ্যাদেশের কারণে দীর্ঘদিন এই বর্বর হত্যাযজ্ঞের বিচারের পথ রুদ্ধ ছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। মামলা করা হয় ধানমন্ডি থানায়।
১৩ বছরের বিচারপ্রক্রিয়া শেষে ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। ২০১০ সালের ২৭ জানুয়ারি দিবাগত রাতে পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়। ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ পাশা। আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয় ২০২০ সালের ১১ এপ্রিল দিবাগত রাতে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ২০২১ সালের ২৫ অক্টোবর বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জানুয়ারি হাইকোর্ট কুশীলবদের খুঁজতে স্বাধীন কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না এবং কমিশন গঠনে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস আজকের পত্রিকাকে বলেন, চার সপ্তাহের রুল ছিল। এখনো কোনো পক্ষ জবাব দেয়নি। কমিশন গঠনে দৃশ্যমান কোনো কাজ দেখা যাচ্ছে না। রুলটি সময়মতো শুনানি করার কথা জানান তিনি।
১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আইনমন্ত্রী বলেছিলেন, ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠন করা হবে। আইনের খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে তা জাতীয় সংসদে তোলা হবে। কমিশনের কাজ প্রতিহিংসামূলক হবে না।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আইনের খসড়া করে মন্ত্রণালয়। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়নি। আইন মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে। তাঁর আশা, আইনটি অচিরেই আসবে।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের সম্পর্কে কেউ তথ্য দিলে সরকার তাকে পুরস্কার দেবে। তবে কী পুরস্কার, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত ওই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিদের ফেরত চেয়ে সরকার যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে অনেক চিঠি লিখেছে। খুনিদের আশ্রয় দেওয়া তাদের উচিত নয়।
সরকারের তথ্য অনুযায়ী, পলাতক পাঁচজনের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় এবং এম এ রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। তবে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও মোসলেহ উদ্দিন খানের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর। কয়েকজন সহকর্মী একসঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর উদ্দেশে রওনা হই। লক্ষ্য ছিল একটি অভিযোগের অনুসন্ধান। অভিযোগ ছিল রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান ওরফে মামুন খানের বিরুদ্ধে।
৬ দিন আগে
শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত একেকটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ কার্যনির্বাহী প্রধানমন্ত্রীকে সরাসরি সম্পৃক্ত করা বা না করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, পাবলিক পরীক্ষার মতো বিষয়েও যদি খোদ প্রধানমন্ত্রীকে...
৬ দিন আগে
রাজশাহীর জন্য নানা যৌক্তিক দাবি নিয়ে মাঠে থাকেন আতিকুর রহমান। সেই সূত্রে পরিচয়। নানা খবরাখবর জানান। গত বছরের ২ সেপ্টেম্বর তিনি হোয়াটসঅ্যাপে একটা চমকে যাওয়ার মতো খবর দিলেন; রাজশাহী শহরের একখণ্ড জমি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। তখনই সরেজমিনে খবরের সত্যতা...
৬ দিন আগে
ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের নতুন যাত্রায় ক্রীড়াঙ্গনকে নিয়ে সরকারের ভাবনা কী, কীভাবে এগোচ্ছে বা এগোতে চাইছে সরকার—পুরো বিষয়টি ‘আজকের পত্রিকা’কে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার হেড অব স্পোর্টস রানা আব্বাস।
৭ দিন আগে