
বাসে অচেতন অবস্থায় পড়ে থাকার পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল হামিদ (৪৬) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের ইনফেকশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। পুলিশের ধারণা, বাসে তাঁকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে।
আব্দুল হামিদ রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি জেবি কেব্ল কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের কার্যালয় দিনাজপুর জেলার ১০ মাইল এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন আব্দুল হামিদ। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। সেখানে তাঁকে ইনফেকশন ওয়ার্ডে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুর রহমান বলেন, আব্দুল হামিদ জেবি কেব্ল কোম্পানির সেলসম্যান ছিলেন। প্রতিষ্ঠানটির দিনাজপুরের ১০ মাইল এলাকার কার্যালয় থেকে তিনি গতকাল মঙ্গলবার দিনের কোনো এক সময় ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে তাঁকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে একই দিন সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, বাসের মধ্যে তাঁকে নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আব্দুল হামিদের শ্যালক মোহাম্মদ রতন বলেন, ‘গতকাল দুপুর ১২টার পর থেকে দুলাভাইকে ফোনে আর পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। মেডিকেলসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পর আজ সকালে ফেসবুকে তাঁর ছবি দেখতে পাই। পরে ঠাকুরগাঁওয়ে এসে নিশ্চিত হই, তিনি মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষ করে তাঁর লাশ রাজশাহীতে নিয়ে যাব।’
আব্দুল হামিদের ভাই তসলিম উদ্দিন বলেন, ‘আমরা মামলা করব না। মামলা করে তো ভাইকে আর ফেরত পাব না।’ তাঁর দুই ছেলে রয়েছে জানিয়ে তিনি বলেন, বড় ছেলে দশম শ্রেণিতে পড়ে, আর ছোট ছেলের বয়স সাত বছর। ‘ওরা এখন বাবাহারা হলো’—এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তসলিম উদ্দিন।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মাজেদুর রহমান বলেন, আব্দুল হামিদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।
৮ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সংস্কারের কথা বলে রাস্তার পুরোনো ইট তুলে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর ৩–৪ মাস পেরিয়ে গেলেও রাস্তার সংস্কারকাজ শুরু হয়নি। এখন পানি জমে কাদাপানিতে একাকার হয়ে গেছে মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের রাস্তা। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
১৫ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়ি। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ওমর ফারুক (২৭) নামে এক যুবক। ওমর ফারুক রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। বুধবার এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
২৭ মিনিট আগে
বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেওয়ার পর তাঁর আদালত বর্জনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এজলাসে যেতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে...
৩০ মিনিট আগে