Ajker Patrika

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০: ০৯
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ
জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচারণায় মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আগামী সোমবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। এতে বলা হয়েছে, দেলাওয়ার হোসেন ও তাঁর নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগের সঙ্গে দাখিল করা ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধান লঙ্ঘনের বিষয়টি কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না কেন, সে বিষয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ে দেলাওয়ার হোসেন নিজে অথবা তাঁর উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন। এ জন্য ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

আচরণবিধিমালা লঙ্ঘনের এ অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত