আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার এক ছাত্র ছুটিতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।
এ ঘটনায় শনিবার বিকেলে মাদ্রাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত লোকজন ইব্রাহিম খান রিয়াদকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু বলেন, এক শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানানোর পর পরিবারের সদস্যরা আমাদের জানান। পরে এ নিয়ে মাদ্রাসায় বৈঠক বসানো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









